পালাকারের দুই যুগের নাট্যযাত্রা
জীবন ও নাটক যেন মিলেমিশে একাকার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ০৯:১২
| প্রিন্ট সংস্করণ
দুই যুগের দীর্ঘ নাট্যচর্চার পথচলাকে উদযাপন করতে দল নাট্য সংগঠন ‘পালাকার’ আয়োজন করেছে দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানমালা ‘পালা-মেলা: দুই যুগের গল্পকথা’। গতকাল সোমবার চৈত্রসংক্রান্তির সন্ধ্যায় রাজধানীর মগবাজারে পালাকার প্রাঙ্গণে শুরু হওয়া এই আয়োজন যেন একসঙ্গে ধারণ করেছে স্মৃতি, সৃজন আর সম্মিলনের বহুমাত্রিক ভাষা।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা প্রথম দিনের আয়োজনে মঞ্চ হয়ে ওঠে সময়ের দলিল। পালাকারের দীর্ঘ যাত্রাপথের উল্লেখযোগ্য নাট্যাংশ থেকে নেওয়া দৃশ্যের বিশেষ উপস্থাপনা দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় দলটির সৃষ্টিশীল অভিযাত্রার বিভিন্ন বাঁকে। একই সঙ্গে দলের প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক কাজের অংশ হিসেবে উপস্থাপিত হয় ‘ক্লাস-অ্যাক্ট’, ‘ল্যাব-অ্যাক্ট’, ‘ব্ল্যান্ড-অ্যাক্ট’ ও ‘ফ্রি-অ্যাক্ট’-এর সংক্ষিপ্ত নাট্যরূপ। এই পরিবেশনাগুলোতে স্পষ্ট হয়ে ওঠে পালাকারের পরীক্ষাধর্মী নাট্যভাষা, যেখানে প্রচলিত মঞ্চরীতির বাইরে গিয়ে নতুন আঙ্গিক নির্মাণের প্রচেষ্টা অব্যাহত।
তবে ‘পালা-মেলা’ শুধু মঞ্চের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পুরো প্রাঙ্গণজুড়ে ছিল এক উন্মুক্ত সাংস্কৃতিক মেলার আবহ। বিশাল সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত এই প্রাঙ্গণজুড়ে সাজানো হয় আলোকসজ্জা আর নান্দনিক সজ্জা উপকরণে। দর্শনার্থী ও দলের সদস্যরা মুক্তভাবে ঘুরে বেড়ানোর পাশাপাশি আড্ডা, স্মৃতিচারণ আর আলোকচিত্রে ধরে রাখেন মুহূর্তগুলো। এরই ফাঁকে ফাঁকে হঠাৎ করেই শুরু হওয়া ক্ষুদ্র নাট্যাভিনয় দর্শকদের চমকে দেয়, যেন জীবন আর নাটক একাকার হয়ে ওঠে।
- বিষয় :
- নাট্য উৎসব
