ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জয়নুল গ্যালারিতে মতলুব আলীর প্রদর্শনী

স্মৃতি, সংগ্রাম ও মানুষের প্রতিচ্ছবি

স্মৃতি, সংগ্রাম ও মানুষের প্রতিচ্ছবি
×

চিত্রশিল্পী মতলুব আলীর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজন করা হয় এক প্রদর্শনী। ছবি-সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৪৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১২:০০

| প্রিন্ট সংস্করণ

সবুজ রঙা একটি মুখ। রেখাগুলো বলিষ্ঠ; কিন্তু চোখে ক্লান্ত জাগরণ। আর কপালের ছোট্ট লাল বিন্দুটি হঠাৎই পুরো ক্যানভাসকে ইতিহাসের ভেতর টেনে নেয়। যেন এক মানুষ দাঁড়িয়ে আছেন সময়ের ধ্বংসস্তূপের ওপর, যুদ্ধংদেহী নীরবতায়। তিনি কেবল একজন নন, তিনি এক মুক্তিযোদ্ধার প্রতীক। তাঁর শরীরের ভাঁজে ভাঁজে লেগে আছে সংগ্রাম, ক্ষত এবং ফিরে পাওয়ার গল্প। এ এক ছবির ভেতর দিয়েই চিত্রশিল্পী মতলুব আলীর শিল্পজগতের দরজা খুলে যায়। যেখানে ব্যক্তিগত অনুভব মিশে যায় জাতীয় ইতিহাসের সঙ্গে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ১ ও ২-এ আয়োজিত ‘বর্ণিল অন্বেষা’ প্রদর্শনীতে প্রবেশ করলেই বোঝা যায়, এটি কেবল একটি প্রদর্শনী নয়; বরং দীর্ঘ সময়জুড়ে এক শিল্পীর ভেতরকার অনুসন্ধানের মানচিত্র। মোট ১০২টি শিল্পকর্ম– জলরং, অ্যাক্রিলিক, ড্রয়িংসহ নানা মাধ্যমে নির্মিত। এখানে একসঙ্গে উপস্থিত হয়ে তৈরি করেছে বহু স্বরের এক নান্দনিক পরিসর।

সবুজ-লাল মুখচ্ছবির সেই মুক্তিযোদ্ধার প্রতীকী অবয়বের পাশাপাশি রয়েছে লাল ও নীলের ঘূর্ণিতে নির্মিত আরেকটি ক্যানভাস দর্শককে একেবারে ভিন্ন আবহে নিয়ে যায়। একটি মানবাকৃতি সেই ঘূর্ণির মধ্যে দাঁড়িয়ে-অবিচল; কিন্তু চারপাশে যেন বিশৃঙ্খলার স্রোত। লালের তীব্রতা এখানে সংঘর্ষের আর নীলের গভীরতা স্মৃতির। দুটির সংঘাতে গড়ে ওঠে মানুষের টিকে থাকার লড়াই।

প্রদর্শনীটিতে এ রকম চিন্তার জগৎকে আলোড়িত করা ১০২টি চিত্র রয়েছে। তিনি কেবল দৃশ্য নির্মাণ করেন না, অনুভবের স্তর তৈরি করেন; যা দর্শককে নিজের ভেতরে টেনে নেয়– মতলুব আলীর শক্তি এখানেই। 

এই আয়োজনটি ছিল শিল্পীর ৮০তম জন্মবার্ষিকীকে ঘিরে এক স্মরণানুষ্ঠানের অংশ। চারুকলা অনুষদ এবং তাঁর প্রতিষ্ঠিত ‘মানব শিল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী’ যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। গত ২৬ এপ্রিল শুরু হওয়া এই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি ছিল গান, নৃত্য ও আলোচনা। প্রদর্শনীটি শেষ হচ্ছে আজ।

আরও পড়ুন

×