বিপ্লব বিপ্রদাসের শিল্পকর্ম প্রদর্শনী ‘আর্থ অ্যান্ড মেমোরি’
মাটির মহাকাব্য ও স্মৃতির প্রত্নতত্ত্ব
বিরুলিয়া জমিদারবাড়িতে গতকাল শুক্রবার আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
যে মাটির বুকে আমরা হেঁটে বেড়াই, সে মাটি কি কেবলই জড় কণা? নাকি তার গভীরে লুকিয়ে আছে শত বছরের কান্না, হাসি, শ্রম আর হারিয়ে যাওয়ার গোপন ইতিহাস? মাটির এই নীরব ভাষা আর স্মৃতির স্তরে জমে থাকা ধূসর অতীতকে ক্যানভাসে জীবন্ত করে তুলেছেন শিল্পী বিপ্লব বিপ্রদাস। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’ এখন রূপ নিয়েছে এক পলিমাটির সুবাসিত প্রান্তরে, যেখানে ক্যানভাসগুলো কথা বলছে নদী, অরণ্য আর মানুষের আত্মিক বন্ধন নিয়ে।
গতকাল শুক্রবার এই নান্দনিক গ্যালারিতে সাড়ম্বরে উদ্বোধন হলো শিল্পী বিপ্লব বিপ্রদাসের তৃতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী ‘আর্থ অ্যান্ড মেমোরি’ (ভূমি ও স্মৃতি)।
সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন ও অতিথিদের উপস্থিতিতে উন্মোচিত হয় এই প্রদর্শনীর দুয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীর কাজের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে গ্যালারিতে আলো ছড়ান আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁম্ভো।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক রশীদ আমিন এবং অধ্যাপক আনিসুজ্জামান আনিস।
বাগেরহাটে জন্ম নেওয়া বিপ্লব বিপ্রদাসের রক্তে মিশে আছে রূপসা-ভৈরব আর সুন্দরবনের নোনা হাওয়া। খুলনা অঞ্চলের এই অনন্য প্রাকৃতিক পরিবেশ ও সমৃদ্ধ জীববৈচিত্র্যই তাঁর এই প্রদর্শনীর মূল অনুপ্রেরণা। তবে শিল্পী প্রকৃতিকে স্রেফ ক্যামেরার মতো হুবহু ফ্রেমবন্দি করেননি। তিনি তাঁর অভিজ্ঞতা, স্পর্শ আর স্মৃতির ভাঙা-গড়াকে রূপ দিয়েছেন এক মায়াবী বিমূর্ততায়।
‘আর্থ অ্যান্ড মেমোরি’ মূলত গ্রামীণ জীবনের যাপনচিত্র এবং দ্রুত বদলে যাওয়া নাগরিক বাস্তবতার মধ্যকার এক নীরব সংলাপ। এখানে মাটি কেবল রং বা মাধ্যম নয়, মাটি এখানে নিজেই একটি জীবন্ত রূপক। একটি চিরন্তন স্মৃতিভান্ডার। শিল্পীর গভীর ও সংবেদনশীল তুলির ছোঁয়ায় ব্যক্তিগত স্মৃতি আর সামষ্টিক ইতিহাস এখানে এসে মিলে গেছে একই মোহনায়।
বিপ্লব বিপ্রদাসের এই প্রদর্শনী আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ১০ জুন পর্যন্ত
প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
বিরুলিয়া জমিদারবাড়িতে আর্টক্যাম্প
সাভারের বিরুলিয়া জমিদারবাড়িতে গতকাল শুক্রবার বসেছিল হোয়াইট পেপার আর্ট ক্যাম্প-২০২৬। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর, নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৭০ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে জমিদারবাড়ি প্রাঙ্গণ রূপ নিয়েছিল জীবন্ত শিল্পোৎসবে।
অনুষ্ঠানের আয়োজক ছিল শিল্প সংগঠন হোয়াইট পেপার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী বীরেন সোম, ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ (চঞ্চল), ঢাবি চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান টগর, চিত্রশিল্পী অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
- বিষয় :
- প্রত্নতত্ত্ব
