‘শামীম কবীর: স্মরণ ও পাঠ’ গ্রন্থের প্রকাশনা উৎসব
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২১:২১
নব্বই দশকের কবি শামীম কবীর স্মরণে সম্প্রতি নভেরা হোসেনের সম্পাদনায় পুণ্ড্র প্রকাশন প্রকাশিত ‘শামীম কবীর: স্মরণ ও পাঠ’ গ্রন্থ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সংস্কৃতিবাংলা’ আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ষড়ৈশ্বর্য মুহম্মদ। শুরুতেই সম্পাদকের বক্তব্য প্রদান করেন নভেরা হোসেন।
আলোচনায় অংশ নেন কবি কুমার চক্রবর্তী, চঞ্চল আশরাফ, শোয়েব শাহরিয়ার, পিয়াস মজিদ ও আফরোজা সোমা। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন কবির অনুজ লতিফুল বারী রাজু। সভাপ্রধান ছিলেন কবি ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত।
বক্তারা বলেন, শামীম কবীর বাংলাদেশের কবিতার একজন গুরুত্বপূর্ণ কবি। কবির স্বেচ্ছামৃত্যুর পর প্রকাশিত তার রচনাসমগ্রে আমরা এক প্রতিভাদীপ্ত সৃজনশীল সত্তার পরিচয় পাই। শামীম কবীরের কবিতায় মানুষের অস্তিত্বের নিগূঢ় সংবাদ যেমন উদ্ভাসিত হয়েছে তেমনি জীবনের ক্লেদ ও গ্লানি ওঠে এসেছে। তবে মৃত্যুকে তিনি নানারূপে কবিতায় উদযাপন করলেও শেষপর্যন্ত শামীম কবীর জীবনেরই গান গেয়ে গেছেন। তাঁর কবিতা এখনও তরুণ কবিতাকর্মী ও পাঠক-গবেষকদের কাছে আগ্রহের বিষয় হয়ে আছে।
- বিষয় :
- বই উৎসব
