বৃষ্টি, জলরেখা ও কল্পনার ভুবন
দুই গ্যালারিতে ভিন্ন আয়োজন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল শুক্রবার শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় খ্যাতনামা ব্যক্তি তাঁর অবদান তুলে ধরেন সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৮:৫৯ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ০৯:৩২
| প্রিন্ট সংস্করণ
ঢাকার শিল্পাঙ্গনে বর্ষা যেন কেবল ঋতুর আগমন নয়, শিল্পভাবনারও এক নতুন মৌসুম। একদিকে চলছে বাংলাদেশের জলভূমি, বর্ষা ও প্রকৃতির বহুমাত্রিক রূপকে কেন্দ্র করে ২৬ শিল্পীর সম্মিলিত চিত্রপ্রদর্শনী ‘রেইনস্কেপ’। অন্যদিকে চলছে শিল্পী চন্দ্র ভট্টাচার্যের একক প্রদর্শনী ‘বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন’। এ দুই আয়োজন রাজধানীর দুই শিল্প গ্যালারিকে পরিণত করেছে প্রকৃতি, স্মৃতি, বাস্তবতা ও কল্পনার নান্দনিক সংলাপের মঞ্চে।
গতকাল শুক্রবার এ দুটি প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে শিল্পপ্রেমীদের জন্য উন্মুক্ত হয়েছে বর্ষার রং, রেখা ও অনুভূতির দুই স্বতন্ত্র ভাষ্য। লালমাটিয়ার ভূমি গ্যালারিতে সন্ধ্যা ৬টায় উদ্বোধন হয় ‘রেইনস্কেপ’ শীর্ষক দলীয় প্রদর্শনীর। এতে অংশ নেন দেশের ২৬ জন শিল্পী। বাংলাদেশের নদী, বর্ষা, জলাভূমি এবং বৃষ্টিস্নাত প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আঁকা ৭৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে আয়োজনে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন রবিউল দাস।
‘রেইনস্কেপ’-এ অংশ নেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান, জামাল আহমেদ, রবিউল দাস, রেজাউন নবী, রবিউল ইসলাম, দানিয়ুস হাশেম, আরিফুর রহমান, প্রণব ভট্ট, সুমন বৈদ্য, আল আফসির সরকার, রাশেদ কামাল, কাশেম খান, ওয়াহিদুজ্জামান মামুন, প্রদ্যুৎ দাশগুপ্ত, অয়ন, রুবা হোসেন, বরকত খান, হেলাল ভাই, আলমগীর জাহেদ, তামান্না লিজা, কবিরুল ইসলাম, ফরহাদুজ্জামান ইমনসহ আরও অনেকে।
প্রদর্শনীটি চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।
অন্যদিকে গতকাল বিকেলে উত্তরার গ্যালারি কায়ায় উদ্বোধন হয়েছে শিল্পী চন্দ্র ভট্টাচার্যের একক চিত্রপ্রদর্শনী ‘বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন’। শিল্পীর সাম্প্রতিক সৃষ্টিকর্ম নিয়ে সাজানো এ প্রদর্শনীতে স্থান পেয়েছে কাগজে জলরং ও চারকোল মাধ্যমে নির্মিত ৩২টি শিল্পকর্ম।
প্রদর্শনীর উদ্বোধন করেন ব্র্যাকের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক। গ্যালারি কায়ার এ প্রদর্শনী চলবে ২১ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
- বিষয় :
- সংস্কৃতি
- চিত্র প্রদর্শনী