ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ছায়ানটের নতুন কমিটি, ফের নেতৃত্বে সারওয়ার আলী-লাইসা আহমদ

ছায়ানটের নতুন কমিটি, ফের নেতৃত্বে সারওয়ার আলী-লাইসা আহমদ
×

সারওয়ার আলী ও লাইসা আহমদ লিসা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৯:৫৭

বাঙালি সংস্কৃতির চর্চা ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য সামনে রেখে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে ছায়ানট। সংগঠনটির সভাপতি হিসেবে সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে লাইসা আহমদ লিসা আবারও দায়িত্ব পেয়েছেন। আগামী তিন বছরের জন্য তাঁরা এ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের নির্বাচনে ১৫ সদস্যের নতুন কার্যকরী সংসদ গঠন করা হয়। পাশাপাশি ছয়জনকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ্। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষ হয়েছেন নাসেহুন আমীন।

কার্যকরী সংসদের সদস্য হিসেবে রয়েছেন মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম ও মহুয়া মঞ্জরী সুনন্দা।

নতুন কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সেলিনা মালেক চৌধুরী, ইফ্ফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার ও শ্যামলী নাসরিন চৌধুরী।

বার্ষিক সাধারণ সভায় ছায়ানটের সাংগঠনিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাঙালি সংস্কৃতির চর্চাকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়েই নতুন কার্যকরী সংসদ কাজ করবে বলে জানিয়েছে সংগঠনটি।
 

আরও পড়ুন

×