সংস্কৃতি
শিল্পকলায় চলচ্চিত্রের মাস্টারক্লাস, নজরুল নৃত্য উৎসবের সমাপনী
শিল্পকলা একাডেমিতে গতকাল রোববার নজরুল নৃত্য উৎসবে শিল্পীদের পরিবেশনা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪১
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সমসাময়িক চলচ্চিত্র নির্মাতাদের পরিচালনায় মাস্টারক্লাস। অন্যদিকে নজরুলের গান ও কবিতার সঙ্গে নৃত্যের ছন্দময় মেলবন্ধনে শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। গতকাল রোববার একাডেমির জাতীয় নাট্যশালা ও জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ দুটি আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা ও প্রশিক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চলচ্চিত্রবিষয়ক তিনটি মাস্টারক্লাস। ধারাবাহিক এ আয়োজনের প্রথম পর্বে প্রশিক্ষণার্থীদের সঙ্গে চিত্রনাট্য থেকে শুরু করে নির্মাণপ্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন ‘দেলুপি’, ‘সাটিকাপ’ ও ‘সিনপাট’ চলচ্চিত্রের নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সকাল ৯টায় শুরু হওয়া প্রশিক্ষণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
প্রশিক্ষণ কার্যক্রমে ক্রিয়েটিভ ইকোনমি বিষয়ে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এ পর্ব সঞ্চালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক ড্যানিয়েল আফজালুর রহমান ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহীন দিল-রিয়াজ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী, তরুণ নির্মাতাসহ ৪৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। ধারাবাহিক এ আয়োজনের আরও দুটি মাস্টারক্লাস আজ ও আগামীকাল জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ পরিচালনা করবেন ‘রইদ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্রের পরিচালক মেজবাউর রহমান সুমন এবং ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’ চলচ্চিত্র নির্মাতা তানিম নূর।
নৃত্য উৎসবের সমাপনী
গতকাল নজরুল নৃত্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সমাপনী পর্বে নজরুলের গান ও কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন নৃত্যদলের শিল্পীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের সমবেত পরিবেশনায় ‘রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে’ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর নজরুলের ‘পদ্মার ঢেউ রে’, ‘শ্যাম-সুন্দর-গিরিধারী’, ‘আমি যার নূপুরের ছন্দ’, ‘হলুদ গাঁদার ফুল’, ‘আমরা শক্তি, আমরা বল’ গানে নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেয় চট্টগ্রামের ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, নৃত্যশৈলী, কত্থক নৃত্য সম্প্রদায়, রিপরিপ শিল্পীগোষ্ঠী-রাঙামাটি, নৃত্যদল বহর, কাথ্যাকিয়া-দ্য সেন্টার অব আর্টসসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া বগুড়ার আমরা কজন শিল্পীগোষ্ঠী, সুকন্যা নৃত্যাঙ্গন, নৃত্যগ্রাম-ময়মনসিংহ, ছান্দসিক, অ্যালিফিয়া ডান্স এটিলিয়ার, সৃষ্টি কালচারাল সেন্টার, নৃত্যদল আকৃতি, রংপুরের ঝংকার নৃত্য একাডেমি, নান্দনিক নৃত্য সংগঠন ও আরাধনা নৃত্যদল পরিবেশনায় অংশ নেয়।
- বিষয় :
- সংস্কৃতি
- শিল্পকলা একাডেমি