পর্দার আগেই আলোকচিত্রে এক অদেখা সিনেমার গল্প
বিশেষ প্রদর্শনী
অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড চলচ্চিত্রের আলোকচিত্র নিয়ে গত মঙ্গলবার থেকে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয় বিশেষ প্রদর্শনী সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
একটি আপেল, একটি পরিবার, একের পর এক অস্বাভাবিক ঘটনা– কিন্তু সেই গল্পের পরিণতি এখনও রুপালি পর্দায় দেখা হয়নি। মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড-এর সেই অদেখা জগৎ এবার হাজির হয়েছে আলোকচিত্রের ফ্রেমে। চলচ্চিত্রটির নির্মাণ সময়ে ধারণ করা নির্বাচিত আলোকচিত্র নিয়ে গত মঙ্গলবার থেকে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী।
ফজল রাব্বী মৃধা পরিচালিত অপ্রকাশিত চলচ্চিত্রটি ঘিরে এ আয়োজন করেছে গুপি বাঘা প্রোডাকশনস লিমিটেড ও ভিউজ অ্যান্ড ভিশন প্রোডাকশন। সিনেমাটির শুটিংয়ের সময় ধারণ করা ছবিগুলো এখানে সরাসরি কোনো কাহিনি বলে না; চরিত্র, প্রকৃতি, অঙ্গভঙ্গি, আলো-আঁধারি ও বিচ্ছিন্ন মুহূর্তের মধ্য দিয়ে নির্মাণ করে একটি আবহ। ফলে প্রদর্শনীতে দর্শকের সামনে সিনেমার পুরো গল্প নয়। এর কিছু দরজা খুলে দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞানী ও জনবুদ্ধিজীবী ড. মানস চৌধুরী, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী জয়িতা মহলানবীশ এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, ভিউজ অ্যান্ড ভিশন প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্রটির প্রযোজক জসিম আহমেদ।
প্রচলিত চলচ্চিত্র প্রদর্শনের বাইরে গিয়ে ছবিটিকে আলোকচিত্রের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রযোজক আরিফুর রহমান বলেন, সিনেমা এমন একটি শিল্পমাধ্যম, যা বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানোর সক্ষমতা রাখে। কিন্তু প্রচলিত পরিবেশনা ব্যবস্থা সব চলচ্চিত্রকে সম্ভাব্য সর্বাধিক দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ দেয় না। সেই পরিচিত পথ থেকে কিছুটা সরে এসে অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড-কে আলোকচিত্রের মাধ্যমে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, এতে দর্শক চলচ্চিত্রটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে আবিষ্কার করে নিজের মতো করে এর অর্থ ও অনুভূতি নির্মাণের সুযোগ পান।
চলচ্চিত্রটির গল্পের কেন্দ্রে রয়েছে মিন্টু মৃধা, তাঁর স্ত্রী জেসমিন ও ছেলে সোহাগ। প্রায়ই কোনো স্পষ্ট কারণ ছাড়াই তারা বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও হারিয়ে যায়। পরিবারের ওপর অদৃশ্য কোনো শক্তির প্রভাব রয়েছে– এমন বিশ্বাস থেকে মিন্টু এক সাধুর শরণাপন্ন হয়। সাধু তাঁকে একটি আশীর্বাদপুষ্ট আপেল দেন, যা নিরাময়ের ক্ষমতা রাখে বলে বিশ্বাস করা হয়। কিন্তু আপেলটি শেষ পর্যন্ত অব্যবহৃতই থেকে যায়।
ফজল রাব্বী মৃধার রচনা ও পরিচালনায় নির্মিত অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড-এ বিশ্বাস, পরিবার, স্মৃতি, ভয় এবং বাস্তবতা ও উপলব্ধির মধ্যকার সীমারেখা অনুসন্ধান করা হয়েছে। চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন আরিফুর রহমান, বিজন ও জসিম আহমেদ।
প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত।
- বিষয় :
- প্রদর্শনী