গান, কবিতা, নাটক ও নৃত্যে সাংস্কৃতিক প্রতিবাদ উদীচীর
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনায় গতকাল রোববার শিল্পকলা একাডেমির সামনে উদীচীর প্রতিবাদ কর্মসূচি। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১১:৫৩
গান, কবিতা, নাটক ও নৃত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে সামনে রেখে প্রতিবাদ জানাল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শিল্পকলা একাডেমির দেয়ালে আঁকা বিশ্বকবির প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনার প্রতিবাদে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীরা তুলে ধরেন বাঙালির সাংস্কৃতিক পরিচয়, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার প্রসঙ্গ।
‘যে কবি জনতার’ শিরোনামে গতকাল রোববার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাদদেশে রবীন্দ্রনাথের প্রতিকৃতির সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সহসভাপতি শিবানী ভট্টাচার্য। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক আজমীর তারেক চৌধুরী।
অনুষ্ঠানে উদীচীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, রবীন্দ্রনাথের পরিচয় কেবল কবি হিসেবে সীমাবদ্ধ নয়। বাংলা ভাষা, সাহিত্য, সংগীত ও শিল্পবোধের পাশাপাশি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার সঙ্গেও তাঁর নাম গভীরভাবে জড়িয়ে আছে। তাঁর সৃষ্টি দীর্ঘকাল ধরে মানুষকে মানবিকতা, মুক্তবুদ্ধি ও সৌন্দর্যবোধের পথে অনুপ্রাণিত করছে। প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনাকে তিনি শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করেন।
বক্তাদের বক্তব্যে উঠে আসে, সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমাননার জবাব কেবল প্রতিবাদে সীমাবদ্ধ রাখলে চলবে না; যুক্তিবোধ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েও তার মোকাবিলা করতে হবে। তাদের মতে, রবীন্দ্রনাথের সাহিত্য ও শিল্পকর্ম বাঙালির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
বক্তব্যের পাশাপাশি পরিবেশনায়ও প্রতিবাদের সুর তুলে ধরেন শিল্পীরা। উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা গান পরিবেশন করেন। নাটক বিভাগের শিল্পীরা মঞ্চস্থ করেন রবীন্দ্রনাথের নাটক ‘বিসর্জন’-এর একটি অংশ। কবিতা আবৃত্তি করেন শিখা সেনগুপ্তা, ইসরাত কাকলী, সৈয়দা রত্না ও মনীষা মজুমদার। নৃত্য পরিবেশন করেন সুজানা ও সুপা সাদিয়া।
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে শিল্প ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণের বার্তা দেয় উদীচী।
- বিষয় :
- উদীচী শিল্পীগোষ্ঠী