আলোর সঙ্গে সুঘ্রাণ
ছবি সৌজন্য: সাবরিনা অ্যারোমেটিকস
রোজী আরেফিন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ০৬:২৭
| প্রিন্ট সংস্করণ
ব্যস্ত নগরজীবনে একটু প্রশান্তি যেন বিলাসিতার মতো। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন কেউ ঘরে ফেরে, তখন মৃদু আলো আর কোমল ঘ্রাণে ভেসে থাকা এক ঘর যেন হয়ে ওঠে প্রশান্তির ছোট্ট ঠিকানা। সেই প্রশান্তি এনে দিতে পারে এক টুকরো সুগন্ধি মোমবাতি–আলো ও সুবাসের অনন্য এক সমন্বয়।
সুগন্ধি মোমবাতি এখন শুধু ঘরের সাজসজ্জার অংশ নয়, বরং হয়ে উঠেছে মানসিক প্রশান্তির প্রতীক। একটি মোমবাতি জ্বালালে তার নরম আলো যেমন ঘরে তৈরি করে শান্ত পরিবেশ, তেমনি মোমের গলে যাওয়া সুবাস ছড়িয়ে দেয় প্রশান্তি ও সৌন্দর্যের অনুভূতি।
বিশেষজ্ঞদের মতে, সুগন্ধি মোমবাতির সুবাস শুধু মন ভালো রাখে না, বরং অ্যারোমাথেরাপি হিসেবেও কাজ করে। নির্দিষ্ট কিছু ঘ্রাণ উদ্বেগ কমাতে, মনোযোগ বাড়াতে এবং ঘুমে সহায়তা করে।
সুগন্ধি মোমবাতির ইতিহাস ও তৈরি প্রক্রিয়া: সুগন্ধি মোমবাতির ইতিহাস হাজার বছরের পুরোনো। প্রাচীন মিসরে প্রাণীর চর্বি ও মধু থেকে তৈরি হতো প্রথম মোমবাতি, যা শুধু আলো নয়, ধর্মীয় আচারেও ব্যবহার হতো। পরে রোমানরা এতে তুলার সলতে যোগ করে আজকের আধুনিক রূপের সূচনা করে।
সুবাসযুক্ত মোমবাতি জনপ্রিয়তা পায় ইউরোপে, রাজপ্রাসাদ ও গির্জায় ঘ্রাণ ছড়ানোর জন্য। এখন এটি সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক হয়ে উঠেছে।
বর্তমানে সুগন্ধি মোমবাতি তৈরি হয় সয় ওয়্যাক্স, বিজ ওয়্যাক্স বা নারকেল তেল থেকে। এই মোম গলিয়ে এতে মেশানো হয় প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল ও রং। তারপর ঢালা হয় কাচের জার বা ডেকোরেটিভ পাত্রে; মাঝে বসানো হয় তুলার সলতে।
ঠান্ডা হয়ে গেলে তৈরি হয় ধোঁয়াহীন, দীর্ঘস্থায়ী এবং ঘ্রাণে ভরপুর এক টুকরো প্রশান্তি–সুগন্ধি মোমবাতি।
ঘরের কোথায়, কখন ও কীভাবে ব্যবহার করবেন
শোবার ঘরে: ঘুমানোর ২০ মিনিট আগে ল্যাভেন্ডার, ভ্যানিলা বা চেরি ব্লসম ঘ্রাণের মোমবাতি জ্বালালে মন শান্ত হয় ও ঘুম আসে সহজে। আলো কমিয়ে মোমবাতির আলোয় ঘর রাখলে তৈরি হয় নরম ও আরামদায়ক পরিবেশ।
বসার ঘরে: অতিথি আসার আগে লেমনগ্রাস, সাইট্রাস বা স্যান্ডালউড ঘ্রাণের মোমবাতি জ্বালাতে পারেন। এতে ঘরে ছড়িয়ে পড়ে সতেজ সুবাস, যা অতিথিকে দেয় মনোরম অনুভূতি।
বাথরুম বা স্পা কর্নারে: রোজমেরি, ইউক্যালিপটাস বা মিন্ট ঘ্রাণের মোমবাতি গরম পানির বাথের সঙ্গে ব্যবহার করলে ক্লান্তি দূর হয়; মনও হয়ে ওঠে প্রাণবন্ত।
ধ্যান বা প্রার্থনার সময়: চন্দন বা জেসমিন ঘ্রাণের মোমবাতি ধ্যান, প্রার্থনা বা মেডিটেশনের সময় মনোসংযোগ বাড়ায় ও মানসিক প্রশান্তি আনে।
খাবার টেবিল বা সন্ধ্যার চা-সময়ে: রোজ বা ভ্যানিলা ঘ্রাণের মোমবাতি জ্বালালে পরিবেশে রোমান্টিক আবহ তৈরি হয়। সন্ধ্যার আলো-আঁধারিতে এটি বাড়িয়ে দেয় সৌন্দর্যের মাত্রা।
সুগন্ধি মোমবাতি ব্যবহার করার উপকারিতা
lমানসিক প্রশান্তি আনে–মৃদু ঘ্রাণ মনকে শান্ত করে, উদ্বেগ ও স্ট্রেস কমায়।
lঘুমে সহায়তা করে–ল্যাভেন্ডার বা ভ্যানিলা ঘ্রাণ ঘুমানোর আগে মনকে শিথিল করে।
lঘরকে করে আকর্ষণীয় ও সতেজ–বিভিন্ন ঘ্রাণ ঘরের পরিবেশে এনে দেয় নতুন মাত্রা।
lউপহার হিসেবে দারুণ–যে কোনো উৎসব বা বিশেষ দিনে প্রিয়জনকে দেওয়ার মতো অনন্য উপহার।
lপরিবেশবান্ধব–প্রাকৃতিক ওয়্যাক্স ও এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি হওয়ায় ধোঁয়াহীন ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত।
ব্যবহারের টিপস
lএক টানা দুই থেকে তিন ঘণ্টার বেশি জ্বালানো ভালো নয়।
lপ্রথমবার জ্বালানোর সময় মোম সম্পূর্ণ তরল না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, এতে সমানভাবে পুড়বে।
lসবসময় সমতল জায়গায় রাখুন, পর্দা বা দাহ্য বস্তুর কাছ থেকে দূরে রাখুন।
lশিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন।
lনেভানোর সময় ফুঁ না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন, এতে ধোঁয়া হবে না।
lছোট ঘরে একবারে একটি মোমবাতি ব্যবহার করুন, যাতে ঘ্রাণ ভারী না লাগে।
lব্যবহারের পর জার ঠান্ডা হলে পরিষ্কার করে রাখলে পুনর্ব্যবহার করা যায়।
কোথায় পাবেন: বর্তমানে ঢাকায় বিভিন্ন মার্কেট এবং পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে নানা ধরনের হ্যান্ডক্রাফটেড সুগন্ধি মোমবাতি। ঢাকায় বিভিন্ন হোম ডেকর শপ যেমন– অ্যারামাহলিক, লুমিনা ক্যান্ডলস, সেন্টেড ক্যান্ডল বিডি, সাবরিনা অ্যারোমেটিকের মতো এর অনলাইন পেজ থেকে পাবেন মানসম্মত সুগন্ধি মোমবাতি। এ ছাড়া দারাজেও রয়েছে এর সহজ অনলাইন সংগ্রহের ব্যবস্থা।
- বিষয় :
- আলোকচিত্র
