ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বর্ষায় সাজে ভিন্নতা

বর্ষায় সাজে ভিন্নতা
×

সাজে সতেজতা ধরে রাখতে সঠিক কৌশল জানা জরুরি মডেল: সূচনা; ছবি: কাব্য

আসমাউল হুসনা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৭:৩২

| প্রিন্ট সংস্করণ

বর্ষাকালের সাজ নিয়ে অনেকেই থাকেন চিন্তিত। কারণ হঠাৎ বৃষ্টিতে পড়লে মেকআপ ধুয়েমুছে যাওয়ার আশঙ্কা থাকে। আবার বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে ত্বক ঘেমে সহজেই সাজ নষ্ট হয়ে যেতে পারে। এমন দিনে সাজ হওয়া দরকার হালকা, সতেজ আর দীর্ঘস্থায়ী

বর্ষা মানেই প্রকৃতির নতুন রূপ। টিপটিপ বৃষ্টি, স্নিগ্ধ আবহাওয়া আর সবুজের সমারোহ যেমন মন ভালো করে দেয়, তেমনি বাতাসে অতিরিক্ত আর্দ্রতা মেকআপপ্রেমীদের জন্য নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ। একটু অসাবধান হলেই গলে যেতে পারে ফাউন্ডেশন, ছড়িয়ে যেতে পারে কাজল কিংবা মাসকারা। আবার এ বছর বর্ষার মধ্যেও তাপদাহ আর রোদের তীব্রতা কম নয়। তাই এ মৌসুমে শুধু সুন্দর সাজলেই হবে না, জানতে হবে আবহাওয়া উপযোগী মেকআপের সঠিক কৌশলও। বর্ষাকালের মেকআপ নিয়ে পরামর্শ দিয়েছেন জারা’স বিউটি লাউঞ্জের কর্ণধার ও রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি। 

সাজের শুরু হোক পরিচ্ছন্ন ত্বক দিয়ে 
বর্ষার মেকআপের শুরু হওয়া উচিত ত্বক প্রস্তুত করার মাধ্যমে। প্রথমেই মুখ ভালোভাবে পরিষ্কার করে ত্বকে বরফ ঘষুন। এরপর ত্বকের উপযোগী একটি টোনার ব্যবহার করুন। তাঁর মতে, বর্ষায় আবহাওয়া আর্দ্র থাকায় আলাদা করে প্রাইমার ব্যবহার না করলেও চলে। সঠিকভাবে ত্বক প্রস্তুত করা হলে মেকআপ আরও সুন্দরভাবে বসে এবং দীর্ঘ সময় সতেজ থাকে।

হালকা বেজ 
ত্বকের ধরন ও টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন। ফাউন্ডেশনের ক্ষেত্রে হালকা, লং-ওয়্যার এবং ওয়াটারপ্রুফ ফর্মুলা বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। অতিরিক্ত ভারী বেজ ব্যবহার করলে আর্দ্র আবহাওয়ায় তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। 

ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা 
চোখের সাজে ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করাই ভালো। এতে বৃষ্টি বা ঘামের কারণে মেকআপ ছড়িয়ে পড়ার আশঙ্কা কম থাকে। আইশ্যাডোর ক্ষেত্রে ক্রিমের পরিবর্তে লং-লাস্টিং পাউডার বা ওয়াটার-রেজিস্টান্ট ফর্মুলা বেছে নেওয়া যেতে পারে। এ সময় আইশ্যাডোতে হালকা শেড ব্যবহার করলে সাজ আরও সতেজ দেখায়। পাশাপাশি আইশ্যাডোর ব্লেন্ডিং ভালোভাবে করতে হবে, যেন রংগুলো মসৃণভাবে একে অপরের সঙ্গে মিশে যায়।

ব্লাশন ও হাইলাইটার
বর্ষার মেকআপে হালকা গোলাপি, পিচ বা ন্যাচারাল টোনের ব্লাশ মুখে সতেজ ও প্রাণবন্ত আভা এনে দেয়। অতিরিক্ত গাঢ় শেডের পরিবর্তে নরম রং ব্যবহার করলে সাজ আরও স্নিগ্ধ দেখায়। মুখের উঁচু অংশে পরিমিত পরিমাণে হাইলাইটার ব্যবহার করলে ত্বকে কোমল উজ্জ্বলতা আসে। সোনালি বা সফট ব্রোঞ্জ টোনের হাইলাইটার বর্ষার সাজের সঙ্গে বেশ মানিয়ে যায়। তবে অতিরিক্ত হাইলাইটার ব্যবহার করলে মুখ তৈলাক্ত দেখাতে পারে। 

ঠোঁটের সাজ
ঠোঁটের সাজে ম্যাট বা লং-লাস্টিং লিকুইড লিপস্টিক বেশি উপযোগী। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হালকা লিপবাম ব্যবহার করে অতিরিক্ত অংশ মুছে নিলে লিপস্টিক আরও সুন্দরভাবে বসে এবং দীর্ঘসময় স্থায়ী হয়। বর্ষায় অতিরিক্ত গ্লসি লিপস্টিকের পরিবর্তে পিচ, ন্যুড কিংবা হালকা গোলাপি রঙের ম্যাট শেড বেছে নিলে সাজ থাকে পরিপাটি আর বারবার টাচ-আপের প্রয়োজনও কমে।
ত্বকের ধরন বুঝে প্রসাধনী বেছে নিন 
বর্ষায় তৈলাক্ত ত্বকের জন্য অয়েল-ফ্রি প্রসাধনী উপযোগী। অন্যদিকে শুষ্ক ত্বকের ক্ষেত্রে ত্বককে হালকা আর্দ্র রেখে মেকআপ করলে তা দীর্ঘক্ষণ সুন্দর থাকে।

ব্যাগে রাখুন প্রয়োজনীয় কিছু প্রসাধনী 
বর্ষাকালে বাইরে বের হলে সঙ্গে একটি কমপ্যাক্ট পাউডার, বিবি ক্রিম, সিসি ক্রিম, ব্লটিং পেপার বা টিস্যু, লং-লাস্টিং লিপস্টিক এবং একটি ফেস মিস্ট রাখতে পারেন। 

এ সময়ও সানস্ক্রিন জরুরি 
আকাশ মেঘলা থাকলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই বর্ষাকালেও এসপিএফ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সানস্ক্রিন ত্বকে কয়েক মিনিট সেট হওয়ার পর মেকআপ শুরু করলে ফল ভালো পাওয়া যায়।

সেটিং স্প্রেতে মেকআপ থাকবে দীর্ঘক্ষণ 
মেকআপ শেষ হলে সেটিং স্প্রে ব্যবহার করলে সাজ দীর্ঘ সময় সতেজ ও সুন্দর থাকে। বর্ষার আর্দ্র আবহাওয়ায় মেকআপ সহজেই নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রয়োজন অনুযায়ী একটি ভালো মানের সেটিং স্প্রে ব্যবহার করলে মেকআপের স্থায়িত্ব বাড়ে। যাদের ত্বক বেশি তৈলাক্ত, তারা হালকা সেটিং পাউডারের সঙ্গে সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন। 

দিনশেষে মেকআপ তুলতে ভুলবেন না 
মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটার দিয়ে প্রথমে মেকআপ তুলে ফেলতে হবে। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে টোনার ও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক সুস্থ থাকে এবং ব্রণসহ বিভিন্ন ত্বকের সমস্যার ঝুঁকি কমে। মেকআপ না তুলে কখনোই ঘুমাতে যাওয়া উচিত নয়।

যেসব ভুল এড়িয়ে চলবেন 
বর্ষায় সবচেয়ে বড় ভুল হলো অতিরিক্ত ভারী ফাউন্ডেশন ও পাউডার ব্যবহার করা। এ ছাড়া ত্বক ঠিকভাবে পরিষ্কার না করে মেকআপ করা, বারবার মুখে হাত দেওয়া কিংবা আবহাওয়ার সঙ্গে মানানসই প্রসাধনী ব্যবহার না করলেও মেকআপ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। 

আরও পড়ুন

×