ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

হাতে তৈরি সাবান

হাতে তৈরি সাবান
×

আফরোজা খানম মুক্তা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

বাজার থেকে কেনা সাবান কতটা নিরাপদ, কিংবা আদৌ স্বাস্থ্যসম্মত কিনা–তা আমরা জানি না। সেসব সাবানে কৃত্রিম রং, প্রিজারভেটিভ ইত্যাদি মেশানো থাকে। হাতে সময় এবং ইচ্ছা থাকলে ঘরেই অর্গানিক সাবান তৈরি করা সম্ভব। 
ঘরে সাবান বানানোর পদ্ধতি

জাফরানের সাবান
জাফরানের সাবান তৈরিতে যা প্রয়োজন: সোপ বেজ (গ্লিসারিন বা গোটমিল্ক বেজ) ১০০ গ্রাম, জাফরান ১০-১৫টি সুতা, ভিটামিন-ই ক্যাপসুল একটি, মধু এক চামচ, এসেনশিয়াল অয়েল (যেমন গোলাপ বা জাফরান তেল) ১০ ফোঁটা, সাবানের ছাঁচ, অ্যালকোহল স্প্রে করার জন্য। তৈরি পদ্ধতি: প্রথমে এক চামচ কুসুম গরম পানিতে জাফরান ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এটি জাফরানের রং ও উপাদান বের হতে সাহায্য করে। সোপ বেজগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিন। একটি পাত্রে সোপ বেজগুলো নিন। মাইক্রোওয়েভে এক মিনিট বা চুলায় গরম পানিতে গলিয়ে নিন। বেজ পুরোপুরি গলে গেলে এর মধ্যে জাফরান ভেজানো পানি, ভিটামিন-ই, মধু ও এসেনশিয়াল অয়েল দিন। সব উপাদান খুব ভালোভাবে চামচ দিয়ে মেশান। মিশ্রণটি সাবানের ছাঁচে ঢেলে দিন। এবার ছাঁচটি স্বাভাবিক তাপমাত্রায় বা ফ্রিজে ৩০-৬০ মিনিট রেখে দিন। সাবান শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে বের করুন। 

মুলতানি মাটির সাবান 
মুলতানি মাটির সাবান তৈরিতে যা প্রয়োজন: গোট মিল্ক সোপ বেজ কিংবা যে কোনো স্বচ্ছ সাবান ১০০ গ্রাম, মুলতানি মাটি দুই চা চামচ, ⁠পানি দুই টেবিল চামচ, ⁠সাবানের সিলিকন মোল্ড, ⁠হলুদের গুঁড়া আধা চা চামচ, ⁠নারকেল তেল বা আমল্ড অয়েল সামান্য, অ্যালকোহল স্প্রে করার জন্য। 
তৈরি পদ্ধতি: সোপ বেজ ছোট টুকরা করে কেটে একটি পাত্রে নিন। পাত্রটি গরম পানির পাত্রের ওপরে বসিয়ে বেজটি গলিয়ে নিন (ডাবল বয়লার পদ্ধতি)। গলানো বেজের সঙ্গে মুলতানি মাটি, পানি, হলুদ এবং তেল ভালো করে মেশান যেন কোনো দলা না থাকে। মিশ্রণটি সাবানের প্লাস্টিক বা সিলিকনের ছাঁচে ঢালুন। সাধারণ তাপমাত্রায় ২-৩ ঘণ্টা অথবা ফ্রিজে ৩০ মিনিট রাখুন। তারপর প্যাকেট করে রাখুন। তৈরি হয়ে গেল মুলতানি মাটির সাবান।

অ্যালোভেরা সাবান 
অ্যালোভেরা সাবান তৈরিতে যা প্রয়োজন: গ্লিসারিন সোপ বেজ ১০০ গ্রাম, তাজা অ্যালোভেরা জেল এক-দুই টেবিল চামচ, এসেনশিয়াল অয়েল (যেমন ল্যাভেন্ডার বা টি ট্রি) ১০-১২ ফোঁটা (সুগন্ধের জন্য), ভিটামিন-ই ক্যাপসুল এক-দুটি (ত্বক ভালো রাখতে), খাবার রং (সবুজ) সামান্য, সিলিকনের সাবানের ছাঁচ। 
তৈরি পদ্ধতি: সাবান বা গ্লিসারিন বেজ ছোট ছোট টুকরা করে কাটুন। এবার ডাবল বয়লারে দিয়ে বেজগুলো পুরোপুরি গলিয়ে নিন। গলানো সাবানের মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন। এতে অ্যালোভেরা জেল, এসেনশিয়াল অয়েল, ভিটামিন-ই এবং সামান্য সবুজ রং দিন। চামচ দিয়ে উপাদানগুলো খুব ভালোভাবে মেশান। ছাঁচে মিশ্রণটি দিয়ে সাবানের সিলিকনের ছাঁচে ঢেলে দিন। ছাঁচটি ২-৩ ঘণ্টা ফ্রিজে অথবা স্বাভাবিক তাপমাত্রায় ৪-৫ ঘণ্টা রেখে দিন। সাবান শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে বের করে নিন। 
লেখক: স্বত্বাধিকারী, শৌখিন কারুশিল্প

আরও পড়ুন

×