ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশের সমর্থকদের যে উপহার দিতে চান আর্জেন্টিনা কোচ

বাংলাদেশের সমর্থকদের যে উপহার দিতে চান আর্জেন্টিনা কোচ
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১০:১০ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১০:৪৮

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের কথা বহুবার উঠে এসেছে আন্তর্জাতিক অঙ্গনে। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সেই সমর্থনের জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রতিবারই আমাদের নতুন করে বিস্মিত করে। আর্জেন্টিনা থেকে এত দূরের একটি দেশ, তবু ফুটবলকে ঘিরে আপনাদের এই ভালোবাসা সত্যিই অসাধারণ।’

বাংলাদেশের রাস্তায় আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনাদের দেশে লাখো মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়া আমাদের জন্য দারুণ এক অনুভূতি।’

বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়, সেটিও স্কালোনির নজর এড়ায়নি। সেই ভালোবাসার জন্য বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের দীর্ঘদিনের সমর্থন ও ভালোবাসার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।’

শেষে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে একটি বিশেষ বার্তাও দেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘আজ আমরা চেষ্টা করব বাংলাদেশের মানুষকে একটি জয় উপহার দিতে।’

আরও পড়ুন

×