ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

এয়ার ফ্রায়ারে ঝটপট রান্না

এয়ার ফ্রায়ারে ঝটপট রান্না
×

হাসিনা আনছার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৭:২৯

| প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে এয়ার ফ্রায়ারে রান্না এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে রান্না করতে সময় যেমন কম লাগে, তেমনি তেলও খুব কম খরচ হয়। ব্যস্তজীবনে এয়ার ফ্রায়ারে ঝটপট রান্না করা যায় এমন কয়েক পদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী হাসিনা আনছার

চিকেন কাবাব  
উপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস (কিমা) ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপের এক-চতুর্থাংশ, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, কাঁচামরিচ কুচি এক চা চামচ, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, ব্রেডক্রাম্ব আধা কাপ, ডিম একটি, তেল এক টেবিল চামচ (ব্রাশ করার জন্য)।
প্রস্তুত প্রণালি: একটি পাত্রে মুরগির কিমার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ২০-৩০ মিনিট মেরিনেট করে রাখুন। এরপর সমান আকারে গোল বা চ্যাপ্টা কাবাব তৈরি করুন। এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩-৫ মিনিট প্রি-হিট করুন। কাবাবগুলো বাস্কেটে সাজিয়ে হালকা তেল ব্রাশ করুন। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২-১৫ মিনিট রান্না করুন। মাঝপথে একবার উল্টে দিয়ে আবার হালকা তেল ব্রাশ করুন। কাবাব সোনালি ও ভালোভাবে সেদ্ধ হলে বের করে লেটুস পাতা, সালাদ এবং টমেটো সস বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন। কাবাব আরও রসালো রাখতে কিমার সঙ্গে এক টেবিল চামচ টক দই মেশাতে পারেন। অতিরিক্ত তেল ছাড়াই এয়ার ফ্রায়ারে কাবাব হবে স্বাস্থ্যকর ও সুস্বাদু।

ফ্রেঞ্চ ফ্রাই  
উপকরণ: বড় আলু দুটি, সয়াবিন তেল এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ও রসুন গুঁড়া এক চা চামচের এক-চতুর্থাংশ করে, চিলি ফ্লেক্স আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি: আলুর খোসা ছাড়িয়ে সমান আকারে লম্বা করে কেটে ২০-৩০ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। আলুর সঙ্গে তেল, লবণ, গোলমরিচ ও অন্যান্য মসলা মিশিয়ে নিন। এয়ার ফ্রায়ার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩-৫ মিনিট প্রি-হিট করুন। এরপর আলুগুলো ঝুড়িতে এক স্তরে সাজিয়ে ১৮-২০ মিনিট এয়ার ফ্রাই করুন। মাঝপথে একবার ঝাঁকিয়ে বা উল্টে দিন। সোনালি ও ক্রিসপি হয়ে গেলে পরিবেশন করুন টমেটো কেচআপ, মেয়োনিজ বা পছন্দের ডিপের সঙ্গে।

বিফ মিনি কোপ্তা  
উপকরণ: গরুর কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, ভাজা জিরা গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লালমরিচ গুঁড়া এক চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ কুচি দুটি, পুদিনা পাতা বা ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, বেসন দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল এক টেবিল চামচ, ফ্রাই করার জন্য সামান্য তেল। 
প্রস্তুত প্রণালি: সব উপকরণ কিমার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন। এরপর ছোট ছোট গোল কোপ্তা তৈরি করুন। এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩-৫ মিনিট প্রি-হিট করুন। কোপ্তাগুলো হালকা তেল ব্রাশ করে বাস্কেটে সাজিয়ে ১৫-১৮ মিনিট এয়ার ফ্রাই করুন। ৬-৭ মিনিট পর একবার উল্টে দিয়ে আবার সামান্য তেল ব্রাশ করুন। কোপ্তা সুন্দর বাদামি রং ধারণ করলে বের করে পুদিনা চাটনি বা দইভিত্তিক ডিপের সঙ্গে পরিবেশন করুন। বেসন ও সরিষার তেল ব্যবহার করলে বিফ কোপ্তার স্বাদ আরও সমৃদ্ধ হয় এবং এয়ার ফ্রায়ারে সুন্দর টেক্সচার পাওয়া যায়।

ফিশ চিজ বল  
উপকরণ: বোনলেস সাদা মাছ (সেদ্ধ ও ঝুরা করা) ৫০০ গ্রাম, মোজারেলা চিজ (ছোট কিউব) ১০০ গ্রাম, সেদ্ধ আলু একটি (মাঝারি), পেঁয়াজ কুচি এক কাপের এক-চতুর্থাংশ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আদা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ (ঐচ্ছিক), ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, ব্রেডক্রাম্ব আধা কাপ, ডিম একটি, লবণ স্বাদমতো, তেল এক টেবিল চামচ (ব্রাশ করার জন্য)।
প্রস্তুত প্রণালি: একটি পাত্রে মাছ, সেদ্ধ আলু, পেঁয়াজ, আদা-রসুন বাটা, গোলমরিচ, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, ব্রেডক্রাম্ব, ডিম ও লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সামান্য মিশ্রণ হাতে নিয়ে মাঝখানে একটি চিজ কিউব রেখে গোল বল তৈরি করুন। এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩-৫ মিনিট প্রি-হিট করুন। বলগুলোয় হালকা তেল ব্রাশ করে এয়ার ফ্রায়ারের বাস্কেটে সাজিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১২ মিনিট রান্না করুন। ৫-৬ মিনিট পর একবার উল্টে দিয়ে আবার সামান্য তেল ব্রাশ করুন। বলগুলো সোনালি ও মচমচে হলে বের করে গরম গরম টমেটো সস, টারটার সস বা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন। চিজ কিউবটি ভালোভাবে মাছের মিশ্রণ দিয়ে ঢেকে দিন। তাহলে রান্নার সময় চিজ বের হবে না। ভেতরে থাকবে গলানো চিজ আর বাইরের আবরণ হবে মচমচে।

আরও পড়ুন

×