ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্পেনের কাছে হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশম

স্পেনের কাছে হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশম
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৯:১০

ম্যাচের শুরুর দিকেই পেনাল্টিতে গোল হজম করে ব্যাকফুটে চলে যায় ফ্রান্স। এরপর পুরো ম্যাচে যেন আর চেনা ছন্দে ফিরতে পারেনি গত আসরের রানার্স-আপরা। দ্বিতীয়ার্থেও আরও এক গোল হজম করে শেষ পর্যন্ত স্পেনের কাছে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডালাস স্টেডিয়ামের সেমিফাইনালে স্পেনের পাসিং আর মাঝমাঠের আধিপত্যের সামনে বলতে গেলে পাত্তাই পায়নি ফরাসিরা। ম্যাচ শেষে নিজেদের ফুটবলীয় ব্যর্থতা মেনে নিলেও, ম্যাচ রেফারি ইভান বার্টনের মান ও যোগ্যতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

৩৫ বছর বয়সী এল সালভাদরের এই রেফারি বিশ্বকাপের সেমিফাইনালের মতো মেগা ম্যাচ পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন না বলে দাবি করেন দেশম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রেফারিং নিয়ে... আমাদের হারের পর যদি আমি কিছু বলি, তবে লোকে আমাকে ‘ক্রাই বেবি’ ভাববে। কিন্তু আমি আপনাদেরই জিজ্ঞাসা করছি, এই রেফারি কি একটি সেমিফাইনাল পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন? ম্যাচের চতুর্থ ও পঞ্চম রেফারি দারুণ ছিলেন। কিন্তু মূল রেফারি?’

পেনাল্টির সিদ্ধান্ত ছাড়াও পুরো ম্যাচ জুড়ে রেফারির ম্যাচ পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন তুলে দেশম আরও যোগ করেন, ‘পেনাল্টির বিষয়টি তো ছিলই, তবে শুধু সেটিই নয়, সবকিছু মিলিয়েই আমার এমনটা মনে হয়েছে। আজকের রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, তবে আপনারা নিজেদেরই প্রশ্ন করে দেখুন।’ একই সাথে ম্যাচের কিছু কিছু ক্ষেত্রে রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্ত ছিল বলেও অভিযোগ তোলেন তিনি।

রেফারিং নিয়ে ক্ষোভ থাকলেও যোগ্য দল হিসেবে স্পেনের ফাইনালে ওঠাকে পূর্ণ কৃতিত্ব দিয়েছেন দেশম। নিজেদের মাঠের ভুলগুলো অকপটে স্বীকার করে তিনি বলেন, ‘ছেলেরা স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিধ্বস্ত। তবে আমাদের সৎ হতে হবে। আমরা আজ টেকনিক্যাল দিক থেকে স্পেনের চেয়ে পিছিয়ে ছিলাম। হারের মূল কারণ হলো, আমরা আমাদের স্বাভাবিক পারফরম্যান্সের মান অনুযায়ী খেলতে পারিনি।’

এখন ফরাসিদের সান্ত্বনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। দলের ভুল পাসের খতিয়ান টেনে দেশম বলেন, ‘আমরা এমন কিছু টেকনিক্যাল ভুল করেছি এবং ভুল পাস দিয়েছি, যা থেকে গোলের বড় সুযোগ তৈরি হতে পারত। এটা আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের খেলা, এখানে ভুল করলে চড়া মূল্য দিতেই হবে। আমরা এই টুর্নামেন্টে যা অর্জন করেছি, তার সবটুকু আমি মুছে ফেলতে চাই না। তবে আজ স্পেন আমাদের চেয়ে অনেক বেশি ভালো ফুটবল খেলেছে।’

আরও পড়ুন

×