ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্মার্ট পুষ্টিতে থাকুন উচ্ছল

স্মার্ট পুষ্টিতে থাকুন উচ্ছল
×

ইসরাত জাহান ইফাত

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ০৭:০৪

| প্রিন্ট সংস্করণ

শীতের শুরু থেকেই দেশে বিয়ের আমেজ শুরু হয়। চারদিকে সাজ-পোশাক, ফটোশুট, পার্লার অ্যাপয়েন্টমেন্টের ভিড়। এ সময়টিকেই অনেকে বলেন ‘ব্রাইডাল সিজন’। সাজগোজের প্রস্তুতির পাশাপাশি অনেকের মধ্যে শুরু হয় ওজন কমানোর দৌড়। কোনো কোনো বর-কনে চান এক মাসেই বদলে ফেলতে শরীরের গঠন; যাতে বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে ছবিতে নিখুঁত লাগে নিজেকে। এখানেই শুরু হয় বিপদ। কারণ দ্রুত ওজন কমানোর চেষ্টায় অনেকেই চলে যান ক্রাশ ডায়েটের ফাঁদে; যা শরীরের ক্ষতি করে দীর্ঘমেয়াদে, এমনকি প্রজনন ক্ষমতাও নষ্ট করতে পারে। 

ক্রাশ ডায়েট: সুন্দর দেখানোর ভুল পথে
‘ক্রাশ ডায়েট’ মানে হঠাৎ ক্যালরি ৫০-৭০ শতাংশ কমিয়ে ফেলা, দিনে ৭০০ ক্যালরির কম খাবার খাওয়া, দিনে এক বেলা খাওয়া বা শুধু ডিটক্স জুসে কিংবা শুধু সালাদে দিন কাটানো। এতে ওজন দ্রুত কমলেও প্রয়োজনীয় অ্যামাইনো এসিড ও ফ্যাটি এসিডের অভাব এবং ভিটামিন মিনারেলের অভাবে শরীরের বিপাকক্রিয়া ভেঙে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও হার্ভার্ড হেলথ পাবলিকেশনের তথ্যমতে, মাত্র চার সপ্তাহে চার কেজির বেশি ওজন কমলে হরমোন ভারসাম্য নষ্ট হয়। এতে নারীর ক্ষেত্রে ডিম্বাণুর গুণমান ও মাসিকচক্রে সমস্যা দেখা দেয়। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের ভারসাম্য কমে, শুক্রাণুর মোটিলিটি কমে যায়। এর ফলে দীর্ঘমেয়াদে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
এ ছাড়া দেখা দেয় ক্লান্তি, চুল পড়া, ত্বকের সমস্যা, ব্রণ ওঠা, শুষ্কতা ও মানসিক অস্থিরতা; যা বিয়ের পরদিন থেকেই চোখে পড়ে। অথচ মানুষ ভাবে এগুলো হয়তো বিয়েতে মেকআপ করার সাইড এফেক্ট থেকে হচ্ছে।

নিরাপদে ফিট থাকা
বিজ্ঞানসম্মত এক মাসের প্রস্তুতি এভাবেও হতে পারে; যাদের হাতে এক মাস সময়, তারা খুব সহজে ওজন নিয়ন্ত্রণে রেখে শরীরকে সুন্দর ও উজ্জ্বল রাখতে পারেন এ টিপসগুলো মেনে চললে।

স্মার্ট মিল প্ল্যান
সকাল: ওটস-লাল চিড়া, সেদ্ধ ডিম বা দই ও একটি কম মিষ্টি ফল।
দুপুর: এক কাপ সালাদ দিয়ে খাবার শুরু করুন। এরপর পরিমিত পরিমাণে ব্রাউন রাইস বা লাল আটার রুটি, মুরগির বুকের মাংস বা মাছ, ডাল ও শাকসবজি খান।
বিকেল: ছোলা, বাদাম বা গ্রিন টি, বিট জুস অথবা যে কোনো হারবাল মসলা চা।
রাত: সবজি ও হালকা প্রোটিন (ডিম, মাছ, চিকেন স্যুপ, লো ফ্যাট দুধ অথবা টক দই)। 
প্রতিদিন ২-২.৫ লিটার পানি পান এবং ৭-৮ ঘণ্টা ঘুম অপরিহার্য।

সক্রিয় থাকুন
প্রতিদিন অন্তত ৩০-৪৫ মিনিট হাঁটাহাঁটি বা হালকা কার্ডিও করুন। সকালে নাশতার আগে ৩০ মিনিট এবং বিকেলে ৩০ মিনিট করলে ভালো হয়।
সপ্তাহে তিন দিন ব্যায়াম আমাদের শরীরের মাংসপেশির টোনিং ধরে রাখে ও চেহারায় উজ্জ্বলতা আনে।
সকালবেলা যোগব্যায়াম বা মেডিটেশন মানসিক প্রশান্তি দেয়, হরমোন ভারসাম্য রাখে।

‘ডিটক্স’ নয়, প্রাকৃতিক পরিশুদ্ধি
জুস ফাস্ট নয়, বরং শরীর নিজেই টক্সিন ফেলে দেয় ঘাম, পানি ও মৌসুমি রঙিন ফলমূল শাকসবজির গ্রহণের মাধ্যমে। তাই পর্যাপ্ত পানি ও ফাইবারযুক্ত খাবারই আসল ডিটক্স। অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি পান করুন। সেই সঙ্গে প্রয়োজন বোধে ডাবের পানি, চিনি বাদে লেবুর শরবত, বিভিন্ন সবজির স্যুপ, টক দইয়ের ঘোল বা মাঠা, চিয়া সিড অথবা তোকমা দানা ভেজানো এক গ্লাস পানি ইত্যাদিও হতে পারে আপনার প্রয়োজনীয় তরলের চাহিদা পূরণের সহায়ক খাবার।

মানসিক সুস্থতাই আসল ফিটনেস
বিয়ের চাপ, সাজের ব্যস্ততা, ঘুমের অভাব–সবই হরমোনের ক্ষতি করে। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, গভীর শ্বাস নিন, পর্যাপ্ত ঘুমান এবং মন শান্ত রাখুন।
বিয়ের দিনের উজ্জ্বলতা আসে শুধু সাজে নয়, বরং শরীরের ভেতর থেকে। পরিপূর্ণ পুষ্টির মাধ্যমে আসে সুস্থতা ও আত্মবিশ্বাস। ক্রাশ ডায়েট আপনাকে সাময়িকভাবে হালকা দেখাবে, কিন্তু বিয়ের পরপরই শরীর ভেঙে পড়বে। বরং পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম ও ইতিবাচক মানসিকতা– এ তিনটিই আপনাকে দেবে প্রাকৃতিক গ্লো এবং দীর্ঘমেয়াদি ফিটনেস। 
লেখক: পুষ্টিবিদ, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বায়োজিন কসমেসিউটিক্যালস এবং লং লাইফ হাসপাতাল, ঢাকা

আরও পড়ুন

×