ওয়েডিং ফটোগ্রাফির সেকাল-একাল
রোজী আরেফিন
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ০৭:০৫
| প্রিন্ট সংস্করণ
এক সময় বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা বলতে বোঝানো হতো কেবল দু-একটি পারিবারিক গ্রুপ ছবি। একজন ফটোগ্রাফার, একটি বড় ক্যামেরা আর সীমিত কয়েকটি ফ্রেম–এই ছিল পুরো আয়োজন। তখনকার দিনে বিয়ের আসরের আবেগ, মুহূর্ত বা অনুভূতি ফ্রেমে ধরে রাখার বিষয়টি সেভাবে খুব একটা গুরুত্ব পেত না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনা বদলেছে, বদলেছে প্রযুক্তিও। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় ধীরে ধীরে গড়ে উঠেছে ওয়েডিং ফটোগ্রাফি, যা আজ বিয়ের আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিশ্বে ওয়েডিং ফটোগ্রাফির যাত্রা শুরু উনিশ শতকের মাঝামাঝি সময়ে। তখন ক্যামেরা ছিল ভারী, ছবি তোলার প্রক্রিয়া ছিল জটিল। বেশির ভাগ বিয়ের ছবি তোলা হতো স্টুডিওতে, নির্দিষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে। পরে ক্যামেরা হালকা ও প্রযুক্তি সহজ হওয়ায় ফটোগ্রাফাররা সরাসরি বিয়ের অনুষ্ঠানস্থলে গিয়ে কাজ করার সুযোগ পান। বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফি আলাদা একটি ধারায় জনপ্রিয়তা পেতে শুরু করে মূলত ২০০০ সালের পর। ২০১০ সালের পর থেকে এটি একটি পেশাদার ও সৃজনশীল শিল্প হিসেবে প্রতিষ্ঠা পায়।
বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবেগঘন দিনগুলোর একটি। এই দিনের হাসি, কান্না, উত্তেজনা, অপেক্ষা আর ভালোবাসার মুহূর্ত মানুষ সারাজীবন মনে রাখতে চায়। তাই এখন ওয়েডিং ফটোগ্রাফি শুধু মূল বিয়ের ছবি তোলাতেই সীমাবদ্ধ নেই। বর্তমানে ওয়েডিং ফটোগ্রাফিতে মেহেদি, গায়ে হলুদ, আবির খেলা, বিয়ের আনুষ্ঠানিক পর্ব, বউ ভাত কিংবা রিসেপশনের মতো প্রতিটি আয়োজনই গুরুত্বের সঙ্গে কভার করা হয়। বর-কনের প্রস্তুতির ব্যস্ততা, কনের লাজুক হাসি, পরিবারের আবেগী চোখ, বন্ধুদের আনন্দ–এসব স্বাভাবিক মুহূর্তই আজকালকার ওয়েডিং ফটোগ্রাফির মূল আকর্ষণ।
এর পাশাপাশি প্রি-ওয়েডিং ফটোগ্রাফিও এখন বিয়ের আয়োজনের একটি জনপ্রিয় অংশ হয়ে উঠেছে। প্রি-ওয়েডিং ফটোগ্রাফি বলতে বিয়ের আগেই নির্দিষ্ট সময় ও লোকেশনে বর-কনের স্বাভাবিক ও পরিকল্পিত কিছু মুহূর্ত ক্যামেরায় ধারণ করাকে বোঝায়। এতে আনুষ্ঠানিকতার চাপ কম থাকে, বর-কনে নিজেদের মতো করে সময় কাটাতে পারেন এবং সেই স্বাভাবিক হাসি, কথা বলা ও আবেগ ছবিতে ফুটে ওঠে। বাংলাদেশে এই ধারা মূলত ২০১৫ সালের পর থেকে জনপ্রিয়তা পেতে শুরু করে। পার্ক, নদীর তীর, বিভিন্ন ক্যাম্পাস, পুরোনো বাড়িঘর, রিসোর্ট বা খোলা প্রকৃতিতে থিমভিত্তিক শুটের মাধ্যমে অনেক দম্পতি তাদের সম্পর্কের গল্প তুলে ধরেন। পাশাপাশি প্রি-ওয়েডিং শুট বর-কনেকে ক্যামেরার সঙ্গে স্বচ্ছন্দ করে তোলে, যা বিয়ের দিনের ফটোগ্রাফি ও ভিডিওতে আরও প্রাণবন্ত প্রকাশ পেতে সাহায্য করে।
বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফির খরচ নির্ভর করে প্যাকেজ, দিনের সংখ্যা, টিমের সদস্য এবং কাজের ধরনের ওপর। সাধারণ ফটোগ্রাফি প্যাকেজের খরচ প্রায় ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। ফটোগ্রাফি ও ভিডিও মিলিয়ে স্ট্যান্ডার্ড প্যাকেজের খরচ সাধারণত ৬০ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে। সিনেম্যাটিক ভিডিও, ক্যান্ডিড ফটোগ্রাফি ও প্রিমিয়াম এডিটিংসহ প্যাকেজের খরচ এক লাখ ৫০ হাজার টাকা বা তারও বেশি হতে পারে। এসব প্যাকেজে সাধারণত ক্যান্ডিড ছবি, ট্র্যাডিশনাল ভিডিও, হাইলাইটস ভিডিও এবং অ্যালবাম ডিজাইন অন্তর্ভুক্ত থাকে। তবে নিজেদের বন্ধুবান্ধব অথবা আত্মীয়স্বজনের মধ্যে ফটোগ্রাফার কেউ থাকলে খরচ আরও অনেক কম করে নিতে পারবেন। সে ক্ষেত্রে প্রফেশনাল টিউনিং সেভাবে নাও পেতে পারেন।
বর্তমানে বাংলাদেশে অনেক পেশাদার ওয়েডিং ফটোগ্রাফি টিম কাজ করছে। ঢাকাকে কেন্দ্র করে এই শিল্প সবচেয়ে বেশি বিস্তৃত হলেও এখন বিভাগীয় শহরগুলোতেও দক্ষ ফটোগ্রাফার পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনেক তরুণ-তরুণী ফ্রিল্যান্সার হিসেবেও এ পেশায় যুক্ত হচ্ছেন। পরিচিত কিছু ওয়েডিং ফটোগ্রাফি টিমের মধ্যে রয়েছে–ওয়েডিং ডায়েরি বাংলাদেশ, ড্রিম উইভার, স্টুডিও এফ টু, প্রতীক’স ক্লিক এবং ফ্রেম পার সেকেন্ড ইত্যাদি। প্রি-ওয়েডিং শুট করে ওয়েডিং ক্লিকস বিডি, ফ্রেম পার সেকেন্ড, ক্লিক হাউস বিডি, লেন্স কুইন স্টুডিও ইত্যাদি।
ভালো ওয়েডিং ফটোগ্রাফার খুঁজে পেতে যেসব বিষয়ে নজর দেবেন
আগে করা কাজ বা পোর্টফোলিও ভালো করে দেখুন।
ছবি ও ভিডিওর স্টাইল আপনার রুচির সঙ্গে মেলে কিনা যাচাই করুন।
পুরো প্যাকেজে কী কী সেবা অন্তর্ভুক্ত আছে, তা স্পষ্ট করে জেনে নিন।
চুক্তির আগে খরচ, সময় ও ডেলিভারির বিষয়গুলো লিখিতভাবে নিশ্চিত করুন।
প্রয়োজনে আগের ক্লায়েন্টের অভিজ্ঞতা বা রিভিউ জেনে নিন।
- বিষয় :
- ফটোগ্রাফি
