হালকা শীত পোশাক
বহুমুখী ব্যবহারের কারণে শ্যাকেট বেশ জনপ্রিয় ছবি: টুয়েলভ ক্লদিং
আসমাউল হুসনা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
শীতের আগমনী বাতাসে পোশাকের ধরনেও আসে পরিবর্তন। ভারী জ্যাকেট কিংবা উলের পোশাকের বদলে হালকা, আরামদায়ক ও স্টাইলিশ পোশাকের প্রতি আগ্রহ বাড়ে ফ্যাশনপ্রেমীদের। এমন আবহাওয়ায় শার্ট ও জ্যাকেটের মেলবন্ধনে তৈরি ‘শ্যাকেট’ হয়ে উঠতে পারে পোশাকের অন্যতম আকর্ষণ। শার্টের স্বাচ্ছন্দ্য আর জ্যাকেটের ব্যবহারিক বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি এ পোশাক হালকা শীতের ফ্যাশনে বেশ জনপ্রিয়।
শার্ট নাকি জ্যাকেট?
‘শ্যাকেট’ নামটি এসেছে শার্ট ও জ্যাকেট–এই দুই শব্দের সমন্বয়ে। দেখতে অনেকটা শার্টের মতো হলেও এর কাপড় সাধারণ শার্টের তুলনায় মোটা। শার্টের কলার, বোতাম, বুকপকেট ও ঢিলেঢালা কাটের সঙ্গে জ্যাকেটের মতো বাইরের স্তর হিসেবে পরার সুবিধা রয়েছে এতে। ফলে হালকা শীতে আলাদা জ্যাকেটের পরিবর্তে শ্যাকেট সহজেই ব্যবহার করা যায়।
শ্যাকেটের ধারণা এসেছে মূলত কর্মক্ষেত্রের পোশাক ও সামরিক পোশাকের আদলে তৈরি ওভারশার্ট থেকে। বর্তমানে ফ্যাশন ব্র্যান্ডগুলো নকশায় পরিবর্তন এনে শ্যাকেটকে দৈনন্দিন পোশাকের অংশ করে তুলেছে। জ্যাকেটের তুলনায় শ্যাকেট হালকা ও আরামদায়ক। তাই শীতের পোশাকের ওপর সহজেই এটি পরা যায়।
ট্রেন্ডি রং ও ডিজাইন
এ বছর শীতের পোশাকে প্রাকৃতিক ও হালকা-গাঢ় রঙের প্রাধান্য দেখা যাচ্ছে। শ্যাকেটেও ক্যামেল, চকলেট ব্রাউন, অলিভ গ্রিন, বারগান্ডি, চারকোল গ্রে, ক্রিম ও বেইজ রং বেশ মানানসই। পাশাপাশি নেভি ব্লু, ধূসরাভ নীল ও হালকা প্লাম রঙেও তৈরি হতে পারে আকর্ষণীয় সাজ।
নকশার ক্ষেত্রে চেক ও ছককাটা ছাপ, একরঙা নকশা, কর্ডুরয়, ফ্ল্যানেল এবং উল-মিশ্র কাপড়ের শ্যাকেট জনপ্রিয়। চৌকো আকৃতির ঢিলেঢালা কাট, বড় কলার, সামনের পকেট ও স্ন্যাপ বোতামের মতো নকশা পোশাকটিকে আরও আধুনিক করে তুলছে। যারা সাধারণ নকশা পছন্দ করেন, তাদের জন্য একরঙা শ্যাকেট যেমন উপযোগী, তেমনি ছাপযুক্ত শ্যাকেট পোশাকে ভিন্নতা আনতে পারে।
নারী-পুরুষের পোশাকে শ্যাকেট
নারীর ফ্যাশনে শ্যাকেট বেশ বহুমুখী। সাদা বা কালো টপ, ডেনিম প্যান্ট ও স্পোর্টস জুতার সঙ্গে ঢিলেঢালা শ্যাকেট পরলে তৈরি হয় স্বাভাবিক ও আরামদায়ক সাজ। আবার সোজা কাটের ট্রাউজার, লেগিংস কিংবা লম্বা বুটের সঙ্গে শ্যাকেট পরেও সাজে আনা যায় আধুনিকতা। বেইজ, ক্রিম, ব্রাউন ও অলিভ রং সহজেই বিভিন্ন পোশাকের সঙ্গে মানিয়ে যায়।
পুরুষদের পোশাকেও শ্যাকেট এখন আধুনিক দৈনন্দিন সাজের অংশ। টি-শার্ট, ডেনিম, চিনো কিংবা কার্গো প্যান্টের সঙ্গে শ্যাকেট পরা যায়। একরঙা ও ছাপযুক্ত শ্যাকেট আনে পরিপাটি অথচ স্বাভাবিক লুক। অফিসের অনানুষ্ঠানিক পরিবেশ, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ভ্রমণ–বিভিন্ন উপলক্ষেই এটি মানানসই।
টুয়েলভের ফ্যাশন ডিজাইনার হিমি আহমেদের মতে, শ্যাকেটের জনপ্রিয়তার অন্যতম কারণ এর বহুমুখী ব্যবহার। শার্টের স্বাচ্ছন্দ্য থাকলেও তুলনামূলক মোটা কাপড়ের কারণে এটি হালকা জ্যাকেটের মতো ব্যবহার করা যায়। সাধারণ থেকে স্টাইলিশ–সব ধরনের সাজেই শ্যাকেট মানিয়ে যায়। বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের সময়ে টি-শার্ট, টপ কিংবা শার্টের ওপর স্তর হিসেবে পরা বেশ সুবিধাজনক।
দেশীয় ব্র্যান্ডের শীতকালীন কালেকশন
দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো শীতের পোশাকে আধুনিক স্তরভিত্তিক সাজ ও দৈনন্দিন স্টাইলকে গুরুত্ব দিচ্ছে। টুয়েলভ, ইয়েলো, সেইলর, ক্যাটস আই ও রিচম্যানের মতো ব্র্যান্ডগুলোর শীতকালীন সংগ্রহে শার্টের আদলে তৈরি শ্যাকেট, ওভারশার্ট, মোটা কাপড়ের শার্ট এবং হালকা বাইরের পোশাক দেখা যায়। ছককাটা নকশা, একরঙা পোশাক, মাটির কাছাকাছি রং ও সাধারণ নকশার এসব পোশাক শ্যাকেটের সাজের সঙ্গে সহজেই মানিয়ে যায়। দেশের আবহাওয়া ও প্রয়োজনের সঙ্গে মিলিয়ে এসব ব্র্যান্ড থেকে হালকা শীতের পোশাক বেছে নিতে পারেন ফ্যাশনপ্রেমীরা।
যত্নে থাকুক দীর্ঘদিন
শ্যাকেট ভালো রাখতে কাপড়ের ধরন অনুযায়ী যত্ন নেওয়া জরুরি। সুতি বা সাধারণ কাপড় মৃদু পরিষ্কারক দিয়ে ধোয়া যায়। তবে উল, কর্ডুরয় কিংবা বিশেষ কাপড়ের ক্ষেত্রে পোশাকের লেবেলে দেওয়া নির্দেশনা অনুসরণ করা উচিত। অতিরিক্ত গরম পানি ও উচ্চ তাপমাত্রায় ইস্ত্রি কাপড়ের গঠন নষ্ট করতে পারে। ব্যবহারের পর শুকনো অবস্থায় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা এবং দীর্ঘদিন সংরক্ষণের আগে পরিষ্কার করে নেওয়া ভালো।
বাংলাদেশের হালকা শীতে সকাল, সন্ধ্যা ও রাতের ঠান্ডা সামলাতে শ্যাকেট হতে পারে কার্যকর পোশাক। ভারী জ্যাকেটের অস্বস্তি ছাড়াই পোশাকে স্তর তৈরি, স্বাচ্ছন্দ্য ও আধুনিকতার ছোঁয়া দিতে পারে এটি। তাই শীতের পোশাকে শ্যাকেট এখন ফ্যাশনের পাশাপাশি আরাম ও স্বাচ্ছন্দ্যেরও অনুষঙ্গ।
- বিষয় :
- ফ্যাশন