ঘরের সাজে উষ্ণ ছোঁয়া
পর্দা, কুশন, বিছানার চাদরে রঙের বৈচিত্র্য ঘরের সাজে নতুনত্ব আনে ছবি: রত্না দাস
মাইশা আক্তার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ০৭:৪২
| প্রিন্ট সংস্করণ
শীত পড়তেই বাইরের পরিবেশের মতো ঘরের ভেতরটাও ম্লান হয়ে পড়ে। মন ভরে ওঠে বিষণ্নতায়। তাই এ সময় ঘরের সাজে বদল আনতে পারেন। ঘরকে রঙিন, আরামদায়ক করতে আসবাব, রং, আলো আর ছোট ছোট অনুষঙ্গে পরিবর্তন আনতে হবে। এতে ঘরে পা রাখতেই পাওয়া যাবে উৎসবমুখর ও উষ্ণ আবহ।
রং
ঘরের আবহ তৈরিতে রঙের ভূমিকা গুরুত্বপূর্ণ। শীতের সাজে বেছে নিতে পারেন উষ্ণ ও মাটির কাছাকাছি রং। যেমন বাদামি, বেইজ, অফ হোয়াইট, অলিভ গ্রিন, মাস্টার্ড, পোড়া কমলা কিংবা বারগান্ডি। এসব রং ঘরে এনে দেয় স্নিগ্ধতা। দেয়ালের রং পরিবর্তন করতে না চাইলে পর্দা, কুশন, বিছানার চাদর কিংবা টেবিল রানারের মাধ্যমে যোগ করতে পারেন নতুন রঙের ছোঁয়া। হালকা রঙের ঘরে গাঢ় রঙের কয়েকটি অনুষঙ্গ ব্যবহার করলে তৈরি হবে সুন্দর বৈপরীত্য।
আলো
ঘরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আলোর বিকল্প নেই। তবে উষ্ণ আবহ তৈরিতে কড়া সাদা আলোর বদলে বেছে নিতে পারেন হলুদাভ বা ওয়ার্ম হোয়াইট আলো। ড্রয়িংরুমের এক কোণে ফ্লোর ল্যাম্প, শোবার ঘরে বেডসাইড ল্যাম্প কিংবা দেয়ালে ছোট্ট ওয়াল লাইট ব্যবহার করতে পারেন। সন্ধ্যায় এসব আলোর মৃদু আভা ঘরে তৈরি করবে অন্য রকম মায়া। চাইলে সাজাতে পারেন ফেয়ারি লাইট দিয়েও। বিশেষ করে বইয়ের তাক, জানালার পাশ কিংবা ঘরের কোনো নির্দিষ্ট কোণে ছোট আলোর মালা বেশ নান্দনিক দেখায়।
মেঝেতে রাগ বা কার্পেট
শীতের সকালে মেঝেতে পা রাখতেই যদি ঠান্ডা অনুভূত হয়, তাহলে ঘরের সাজে যুক্ত করতে পারেন কার্পেট বা রাগ। বসার ঘরের সোফার সামনে মাঝারি আকারের একটি কার্পেট ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে। শোবার ঘরে বিছানার পাশে ছোট রাগ রাখতে পারেন। জ্যামিতিক নকশা, দেশীয় মোটিফ কিংবা একরঙা কার্পেট বেছে নেওয়া যায় ঘরের সামগ্রিক রঙের সঙ্গে মিলিয়ে। হাতের কাছে নান্দনিক রাগ না থাকলে কয়েকটি রঙিন গামছার মিশেলেও ড্রয়িংরুমের মেঝেকে নান্দনিক করে তুলতে পারেন।
ইনডোর প্লান্ট
ঘরের ভেতর একটু সবুজ থাকলে মনও ভালো থাকে। ইনডোর প্লান্ট ঘরের সাজে এনে দেয় সতেজতা। মানিপ্লান্ট, স্নেকপ্লান্ট, স্পাইডারপ্লান্ট, পিস লিলি কিংবা অ্যারিকা পাম রাখতে পারেন ঘরের বিভিন্ন কোণে। গাছের জন্য বেছে নিতে পারেন মাটি, সিরামিক কিংবা বেতের টব। জানালার পাশে পর্যাপ্ত আলো পায় এমন জায়গায় গাছ রাখুন। ছোট ঘরে ঝুলন্ত টব বা দেয়ালে লাগানো প্লান্টার ব্যবহার করলেও সুন্দর দেখাবে। তবে গাছের ধরন অনুযায়ী আলো, পানি ও পরিচর্যার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নতুনত্ব আনতে কাঠের আসবাব
কাঠের আসবাব ও প্রাকৃতিক উপকরণ ঘরের সাজে স্বাভাবিক উষ্ণতা যোগ করে। কাঠের ছোট টেবিল, বুকশেলফ, ট্রে কিংবা ছবির ফ্রেম ব্যবহার করতে পারেন। এ ছাড়া বেত, পাট, বাঁশ, মাটি ও শণের তৈরি অনুষঙ্গ ঘরে এনে দেয় দেশীয় আবহ। বসার ঘরের এক কোণে বেতের ঝুড়ি, হাতে বোনা ম্যাট কিংবা মাটির ফুলদানি রাখতে পারেন।
ছোট্ট কোণের সাজ
ঘরের ছোট্ট কোণ সাজাতে পারেন মনের মতো। ব্যক্তিগত স্মৃতির ছবি দিয়ে সাজাতে পারেন দেয়াল। দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন ভ্রমণের সময় তোলা ছবি, প্রিয় শিল্পীর আঁকা ছবি কিংবা নিজের সংগ্রহে থাকা কোনো শিল্পকর্ম। বই পড়ার অভ্যাস থাকলে জানালার পাশে ছোট্ট একটি বুক কর্নার তৈরি করতে পারেন। সেখানে থাকবে আরামদায়ক চেয়ার, ছোট টেবিল, পড়ার আলো আর কয়েকটি প্রিয় বই। চাইলে পাশে রাখতে পারেন সুগন্ধি মোমবাতি বা ডিফিউজার।
সুগন্ধ সারাক্ষণ
ঘরে প্রশান্তি আনতে হালকা সুগন্ধ যোগ করা যায়। ল্যাভেন্ডার, ভ্যানিলা, স্যান্ডালউড কিংবা সাইট্রাস ঘরকে সতেজ অনুভূতি দিতে পারে। সুগন্ধি মোমবাতি, এসেনশিয়াল অয়েল ডিফিউজার বা পটপৌরি ব্যবহার করা যায়। তবে শিশু ও পোষা প্রাণী থাকলে সুগন্ধি উপকরণ ব্যবহারে সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থাও রাখা জরুরি।
অল্প আয়োজনে নতুনত্ব
ঘর সাজাতে প্রতিবার নতুন আসবাব কেনার প্রয়োজন নেই। বরং পুরোনো জিনিসের ব্যবহার বদলে আনতে পারেন নতুনত্ব। পুরোনো কাচের বোতল হতে পারে ফুলদানি, কাঠের বাক্স হয়ে উঠতে পারে বই রাখার জায়গা। অব্যবহৃত কাপড় দিয়ে তৈরি করা যায় কুশন কভার বা টেবিল ম্যাট। ঘরের এক জায়গার সাজ অন্য জায়গায় সরিয়ে রাখলেও বদলে যায় চেনা দৃশ্য। দেয়ালের ছবির বিন্যাস পরিবর্তন, আসবাবের অবস্থান বদল কিংবা নতুন একটি টেবিল রানারই যথেষ্ট হতে পারে।
- বিষয় :
- ঘর তৈরি