শুষ্ক হাওয়ায় ঝলঝলে চুল
ঋতু পরিবর্তনের এই সময় একটু বাড়তি পরিচর্যায় চুলের প্রাণবন্ত ভাব বজায় থাকে মডেল: বীণা
তাসলিমা তামান্না
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ০৭:৪৪
| প্রিন্ট সংস্করণ
শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে বইছে শীতল হাওয়া। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় চুল হয়ে পড়ছে শুষ্ক ও রুক্ষ। হারিয়ে যাচ্ছে স্বাভাবিক কোমলতা ও ঔজ্জ্বল্য। কারও কারও দেখা দিচ্ছে খুশকি, বাড়ছে চুল পড়ার সমস্যাও। বিশেষ করে শীতের শুকনো বাতাস চুলের স্বাস্থ্যে বেশ প্রভাব ফেলছে। তাই শীত পুরোপুরি আসার আগে চুলের যত্নে হতে হবে সচেতন। নিয়মিত পরিচর্যা, সঠিক প্রসাধনীর ব্যবহার এবং পুষ্টিকর খাবারই পারে চুলের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে। একটু বাড়তি যত্নে শীতেও চুল থাকবে ঝলমলে, কোমল ও প্রাণবন্ত লিখেছেন তাসলিমা তামান্না
অগ্রহায়ণের শুরু থেকে দেশের উত্তর জনপদে জেঁকে বসতে শুরু করেছে শীত। দেশের অন্যান্য অঞ্চল কিংবা রাজধানীতে সেভাবে ঠান্ডা অনুভূত না হলেও আবহাওয়ায় লেগেছে ঋতু বদলের ছোঁয়া। ভোর ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ, বাতাসে কিছুটা শুষ্কতা। এরই মধ্যে ত্বক ও চুলে দেখা দিতে শুরু করেছে রুক্ষতা। চুল হারাচ্ছে স্বাভাবিক কোমলতা ও ঔজ্জ্বল্য। আগা ফেটে যাওয়া কিংবা মাথার ত্বকে খুশকির সমস্যাও বাড়ছে কারও কারও। শীত পুরোপুরি আসার আগেই তাই চুলের যত্নে হতে হবে সচেতন। ঋতু পরিবর্তনের এ সময় একটু বাড়তি পরিচর্যাই পারে চুলের স্বাভাবিক সৌন্দর্য ও প্রাণবন্ত ভাব ধরে রাখতে।
চাই মাথার ত্বকের যত্ন
‘রেড বিউটি স্টুডিও অ্যান্ড স্যালুন’-এর স্বত্বাধিকারী ও সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভীন জানান, শীতকালে ঋতু পরিবর্তনের প্রথম এবং প্রধান সমস্যাগুলোর একটি হচ্ছে চুল ও মাথার ত্বকের শুষ্কতা, রুক্ষতা। মাথার স্ক্যাল্পের এ পরিবর্তনের কারণে চুলের গোড়া এবং ফলিকলগুলো পরিবর্তনের মুখোমুখি হয়। এর ফলে চুলের স্বাভাবিকতায় কিছুটা ব্যাঘাত ঘটে। এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারলে দুর্বল ও অস্বাস্থ্যকর চুলগুলো ধীরে ধীরে ঝরে যেতে থাকে। এ সময় যদি আমরা স্ক্যাল্পকে অতিরিক্ত শুষ্ক হতে না দিই, তাহলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। তিনি আরও জানান, এ জন্য নিয়মিত হট অয়েল ম্যাসাজ করা যেতে পারে। যাদের চুল পড়ার সমস্যা নেই, তারা চাইলে একটু স্টিম নিতে পারেন। এতে চুলের গোড়া শক্ত হবে, ময়লা পরিষ্কার হয়ে যাবে।
চুলের আর্দ্রতা ধরে রাখুন
স্বাভাবিক সময়ের তুলনায় শীতে মাথার ত্বক ও চুল থেকে দ্রুত আর্দ্রতা হারিয়ে যায়। এ কারণে এ সময় চুলে আর্দ্রতা ও পুষ্টি জোগানো জরুরি। এ সমস্যা মোকাবিলায় মৃদু ও আর্দ্রতা ধরে রাখতে পারে এমন শ্যাম্পু ব্যবহার করুন। পাশাপাশি আরগান অয়েল, নারকেল তেল কিংবা শিয়া বাটারসমৃদ্ধ কন্ডিশনার বেছে নিতে পারেন। এসব উপাদান চুলের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং শীতের শুকনো বাতাস থেকে চুলকে সুরক্ষা দিতে সহায়তা করে। এ ছাড়া সপ্তাহে একবার পুষ্টিকর হেয়ার মাস্ক অথবা ডিপ কন্ডিশনার ব্যবহার করতে পারেন। চুল ধোয়ার পর বাড়তি আর্দ্রতার জন্য কয়েক ফোঁটা লিভ-ইন সিরাম বা হেয়ার অয়েল ব্যবহার করা যেতে পারে।
তেল মালিশ করতে ভুলবেন না
শীতকালে হালকা গরম তেল দিয়ে মাথার ত্বকে মালিশ করা যেতে পারে। নারকেল তেল, আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েল দিয়ে মাথার ত্বকে মালিশ করলে রক্ত সঞ্চালনে সহায়তা করে। সেই সঙ্গে চুল ও মাথার ত্বকে আর্দ্রতা বজায় থাকে।
তেল ব্যবহারের আগে সামান্য গরম করে নিতে পারেন। এরপর আঙুলের ডগা দিয়ে আলতোভাবে মাথার ত্বকে মালিশ করুন। অন্তত ৩০ মিনিট রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে চুলের ধরন ও মাথার ত্বকের উপযোগিতা বুঝে আরও কিছুক্ষণ রাখা যেতে পারে। এই সাধারণ পরিচর্যা চুলের শুষ্কতা, চুলকানি ও খুশকির সমস্যা কমাতে সহায়ক হতে পারে।
ঠান্ডা বাতাস থেকে চুল রক্ষা
ঠান্ডা থেকে ত্বককে যেভাবে সুরক্ষিত রাখতে ব্যবস্থা নেন তেমনি চুলের ক্ষেত্রেও একই রকম যত্ন প্রয়োজন। বাইরে বের হলে নরম স্কার্ফ, টুপি কিংবা উলের ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখতে পারেন। তবে মাথায় খুব আঁটসাঁট টুপি ব্যবহার করা ঠিক নয়। তাহলে ঘষা লেগে চুল ভেঙে যেতে পারে।
আগা ফাটা রোধে নিয়মিত চুল ছাঁটুন
শীতকালে চুলের আগা তুলনামূলক বেশি শুষ্ক ও দুর্বল হয়ে পড়ে। ফলে চুলের আগা ফেটে যেতে পারে। এ সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত চুলের আগা ছেঁটে নেওয়া ভালো। প্রতি ছয় থেকে আট সপ্তাহ পরপর চুল সামান্য ছাঁটলে ফাটা আগা দূর হয়। চুলের আকৃতিও সুন্দর থাকে।
চুল শুকানোর সময় সতর্কতা
শীতের দিনে গোসলের পর তাড়াতাড়ি চুল শুকাতে অনেকেই হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। ড্রায়ারের গরম বাতাস চুল আরও শুষ্ক করে দিতে পারে। সম্ভব হলে স্বাভাবিক বাতাসেই চুল শুকানোর চেষ্টা করুন। ভেজা চুল তোয়ালে দিয়ে জোরে জোরে ঘষা ঠিক নয়। এতে চুল ভেঙে যেতে পারে। নরম তোয়ালে দিয়ে আলতো করে পানি মুছে নিন। ভেজা চুল আঁচড়ানোও এড়িয়ে চলুন। চুল কিছুটা শুকিয়ে এলে বড় দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে আঁচড়ে নিন।
ঘরোয়া হেয়ার প্যাকে বাড়তি যত্ন
শীতকালে চুলের শুষ্কতা, রুক্ষতা কমাতে বাড়িতে তৈরি বিভিন্ন চুলের প্যাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি জানান, চুল পড়া কমাতে আমলকী, হরীতকী ও বহেড়ার গুঁড়া টক দইয়ের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগানো যেতে পারে। তবে কেমিক্যাল ট্রিটেড চুলে এগুলো ব্যবহার করা যাবে না। দিলেও শুধু মাথার ত্বকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চুলে না লাগে। ধোয়ার সময় ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাঁর মতে, চুল পড়া রোধ করতে বাড়িতে এর থেকে ভালো সমাধান আর নেই।
তিনি আরও জানান, চুলের যত্নে অ্যালোভেরাও খুব ভালো কাজ করে। এটি চুলের রুক্ষতা, শুষ্কতা দূর করে। সেই সঙ্গে চুলের গঠন ও সৌন্দর্য বজায় রাখতেও ভূমিকা রাখতে পারে। অ্যালোভেরা কেমিক্যাল ট্রিটেড চুলেও ব্যবহার করা যায়। যারা এ সময় খুশকির সমস্যায় ভোগেন তাদের তেলের সঙ্গে লেবুর রস ব্যবহারের পরামর্শ দিয়েছেন আফরোজা পারভীন। তিনি জানান, মাথার ত্বকে এ তেল লাগালে খুশকির সমস্যা অনেকটা কমে যাবে। তবে যারা অতিরিক্ত খুশকির সমস্যায় ভোগেন তাদের টক দইয়ের সঙ্গে একটু তেল আর লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন এ সৌন্দর্য বিশেষজ্ঞ। তাঁর ভাষায়, মূল বিষয় হচ্ছে শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার কারণে স্ক্যাল্পে যে শুষ্কতা তৈরি হয়, সেটি নিয়ন্ত্রণে রাখা। এ শুষ্কতা দূর করার জন্য নিয়মিত স্ক্যাল্পের যত্ন নিতে হবে। প্রয়োজনীয় পরিচর্যাগুলো বজায় রাখতে পারলে স্ক্যাল্প সুস্থ থাকবে। সেই সঙ্গে চুলও ভালো থাকবে।
খাবারেও থাকুক পুষ্টি
চুলের সুস্থতা শুধু বাইরের পরিচর্যার ওপর নির্ভর করে না। শরীরের পুষ্টির ঘাটতিও চুলের ওপর প্রভাব ফেলতে পারে। শীতে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে রাজধানীর ‘ডক্টর লিনাস স্কিন অ্যান্ড অ্যাস্থেটিক ক্লিনিক’-এর ধানমন্ডি শাখার সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইসরাত জাহান ইফাত খাদ্যতালিকায় ছয় ধরনের পুষ্টি উপাদান যোগ করার পরামর্শ দিয়েছেন। যেমন–
ওমেগা-৩ ফ্যাটি এসিড: ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও স্কিন ব্যারিয়ার বজায় রাখতে সহায়ক। এ জন্য খাবারে রাখুন সামুদ্রিক মাছ, ইলিশ, চিয়া সিড, তিসি ও আখরোট।
ভিটামিন-ই: অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দেয়। বাদাম, সূর্যমুখীর বীজ ও উদ্ভিজ্জ তেল এর ভালো উৎস।
ভিটামিন-সি: কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ। এই ঘাটতি পূরণে আমলকী, পেয়ারা, কমলা ও লেবু খান।
প্রোটিন: চুলের গঠন ও বৃদ্ধির জন্য জরুরি। এর জন্য খাদ্যতালিকায় ডিম, মাছ, দুধ, ডাল ও মুরগি রাখুন।
জিঙ্ক ও আয়রন: চুলের স্বাভাবিক বৃদ্ধি ও কোষের কার্যক্রমে ভূমিকা রাখে। এ জন্য মাংস, ডিম, ডাল ও কুমড়ার বীজ খান।
ভিটামিন-এ ও পানি: গাজর, মিষ্টিকুমড়া, শাকসবজি, কলিজা এবং পর্যাপ্ত পানি ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
মনে রাখবেন, সুন্দর ত্বক কিংবা সুস্থ চুলের জন্য কোনো একটি বিষয় নয়, সুষম খাদ্য, পর্যাপ্ত পানি, ঘুম এবং নিয়মিত যত্ন–সবই গুরুত্বপূর্ণ।
মডেল: সাবা নিশি; ছবি: মঞ্জু আলম
- বিষয় :
- ঋতু পরিবর্তন