ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যুক্তির লড়াইয়ে রঙিন বিভাগীয় উৎসব

রংপুরে বিজয়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

রংপুরে বিজয়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
×
×

বিভাগীয় চ্যাম্পিয়ন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে অতিথি ও বিচারকরা

হাবিবুর রহমান

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:১০ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

‘বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে চলছে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬।’ জেলা পর্যায়ে উৎসবমুখর বিতর্ক শেষে শুরু হয়েছে বিভাগীয় প্রতিযোগিতা। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর-শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৫ অক্টোবর খুলনা ও বরিশাল এবং ১৭ অক্টোবর রংপুর ও রাজশাহীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চার বিভাগের ৩২ জেলার চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর ও ছবিতে আয়োজন

হিমালয়কন্যা পঞ্চগড় থেকে ভোরের সূর্য ওঠার পরই রওনা দিয়েছিল খুদে বিতার্কিকদের দলটি। সঙ্গে শিক্ষক। কাঁটায় কাঁটায় সকাল সাড়ে ৮টার মধ্যেই হাজির উৎসব ভেনু রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে। এরপর একে একে এসে পৌঁছাল ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরের অন্য দলগুলো। সবার উদ্দেশ্য– বিতর্ক উৎসবে রংপুর বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়া। সকাল ৯টার মধ্যে বিতার্কিকদের উচ্ছ্বসিত পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

রঙিন বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পরই বিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বিতার্কিকরা চলে যায় ‘মধুমঞ্জুরী’ মিলনায়তনে। সেখানেই দিনভর চলে যুক্তির ক্ষুরধার লড়াই। প্রতিপক্ষকে ঘায়েল করতে বিতার্কিকরা তুলে ধরে তথ্য-উপাত্ত ও যুক্তির ধার। সব মিলিয়ে উৎসবে আসা তরুণ বিতার্কিক, বিচারক ও অতিথিদের কেটেছে এক স্মরণীয় দিন।
দিনভর বিতর্কের লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের তাসফিয়া তাফান্নুম। বিজয়ী দলের অন্য দুই সদস্য জাকিয়া জারিন জ্যোতি ও ফাইজা আফরিন। রানার্সআপ দল লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দুর্দান্ত লড়াই করে ফাবিহা জারিন নূহা, মুজতানিবা ফায়রুজ আরবা ও ইশরাত জাহান।

বিভাগীয় দলগুলো হলো– নীলফামারীর সৈয়দপুর আল ফারুক একাডেমি, দিনাজপুরের পার্বতীপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন, কুড়িগ্রামের বর্ডার গার্ড পাবলিক স্কুল এবং ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বিতর্কে মডারেটর ছিলেন সাবেক কৃতী বিতার্কিক মো. হামীম। বিচারক ছিলেন বাংলাদেশ বেতার- রংপুরের উপস্থাপক শেখ ফরিদ অভি, আবৃত্তি শিল্পী মুশফিকা জাফরিন, তার্কিক সানজিদা ইসলাম এবং সংবাদ পাঠক স্বাধীন মিয়া।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক।
অতিথি ছিলেন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী আশরাফী, রংপুর সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক ও কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম। 
শিক্ষক মাহফুজার রহমান, কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রতিনিধি রিয়াদ বাবু, সুহৃদ মুজিবুল ইসলাম মিঠু ও মাহমুদুল হাসান উপস্থিত থেকে তরুণ বিতার্কিকদের উৎসাহিত করেন।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে সমকালের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধিকে সহায়তা করেন দিনাজপুরের পার্বতীপুর প্রতিনিধি মাহমুদুর রহমান। 
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, মিঠাপুকুর, রংপুর

আরও পড়ুন

×