যুক্তির লড়াইয়ে রঙিন বিভাগীয় উৎসব
বরিশালে জয়ী জিলা স্কুল
বরিশাল আছমত আলী খান ইনস্টিটিউশনে সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন বরিশাল জিলা স্কুল ও রানার্সআপ পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ অংশগ্রহণকারী বিতার্কিকরা
সুমন চৌধুরী
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:১১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:১৪
| প্রিন্ট সংস্করণ
‘বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে চলছে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬।’ জেলা পর্যায়ে উৎসবমুখর বিতর্ক শেষে শুরু হয়েছে বিভাগীয় প্রতিযোগিতা। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর-শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৫ অক্টোবর খুলনা ও বরিশাল এবং ১৭ অক্টোবর রংপুর ও রাজশাহীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চার বিভাগের ৩২ জেলার চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর ও ছবিতে আয়োজন
সেদিন শারদীয় দুর্গোৎসবের ছুটির আমেজের সঙ্গে বরিশাল নগরীর আছমত আলী খান ইনস্টিটিউশনে যোগ হয়েছিল বাড়তি উৎসবমুখরতা। দিনভর এ বিদ্যাপীঠের মিলনায়তনে তরুণ বিতার্কিকদের কণ্ঠে ছড়িয়েছে বিজ্ঞানের যুক্তি ও প্রজ্ঞার দ্যুতি।
বিভাগের ছয় জেলার চ্যাম্পিয়ন দল– বরিশাল জিলা স্কুল, ভোলার লালমোহন হা-মীম রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিভাগীয় উৎসবে অংশ নেয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সকালে সূচিত আয়োজনে তিন রাউন্ডের মোট পাঁচটি প্রতিযোগিতায় চলে তীব্র লড়াই। বিতার্কিকদের ধারালো যুক্তি-পাল্টা যুক্তিতে প্রাঙ্গণ রূপ নেয় যুক্তির রণক্ষেত্রে। পক্ষে-বিপক্ষের অবস্থান আলাদা হলেও বিতার্কিকদের একটি বিষয়ে ঐকমত্য ফুটে ওঠে– ‘সুখী দেশ ও সুখী জীবন গড়তে বিজ্ঞানের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই।’ তরুণদের সর্বাগ্রে বিজ্ঞানমনস্ক হতে হবে।
ফাইনালে পক্ষে অবস্থান নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরিশাল জিলা স্কুল। বিপক্ষে লড়ে রানার্সআপ হয় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চমৎকার নৈপুণ্যে ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হয় বিজয়ী দলের নাফিজ নিলয়।
বিজয়ীরা রাজধানীতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত আসরে বিভাগীয় চ্যাম্পিয়নদের সঙ্গে যুক্তি-তর্কের লড়াইয়ে অবতীর্ণ হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ইউজিভির (ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশাল) উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী। সকালে উৎসবের উদ্বোধন করেন আছমত আলী খান ইনস্টিটিউশন পরিচালনা পর্ষদের সভাপতি ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল বাকী বলেন, ‘বিজ্ঞান মানুষকে স্বপ্ন দেখায়। যুক্তি ও বিজ্ঞানভিত্তিক বিতর্ক শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। যে দেশে বিজ্ঞানমনস্ক নাগরিক বেশি, সে দেশ তত বেশি সুখী ও সমৃদ্ধ। সৃষ্টিশীল নাগরিক হতে হলে নতুন প্রজন্মকে অনুসন্ধিৎসু হতে হবে। সমকালের এ উদ্যোগ তরুণদের কুসংস্কার, সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখবে।’
আয়োজনে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের সভাপতি নূর ইসলাম নিয়ন। বিচারক ছিলেন সহকারী অধ্যাপক আদনান সাকুর, জান্নাতুল তাজরি, সহকারী অধ্যাপক সঙ্গীতা সরকার, মেহেদী হাসান শুভ, শাহনাজ ফাহমিদা বীথি, ইয়াকুজ্জামান নিবিড়, ইশতিয়াক আহমেদ জিওন, তাসমিয়া ইসলাম সানজিদা, লোহামা ইসলাম ও মো. রাফি। সঞ্চালনা করেন ববি সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা শিমু।
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, বরিশাল
- বিষয় :
- সুহৃদ সমাবেশ