যুক্তির লড়াইয়ে রঙিন বিভাগীয় উৎসব
খুলনায় সেরা যশোর
যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের তার্কিকদের সঙ্গে অতিথি ও সুহৃদরা
বায়েজিদ মাহমুদ অভি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
‘বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে চলছে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬।’ জেলা পর্যায়ে উৎসবমুখর বিতর্ক শেষে শুরু হয়েছে বিভাগীয় প্রতিযোগিতা। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর-শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৫ অক্টোবর খুলনা ও বরিশাল এবং ১৭ অক্টোবর রংপুর ও রাজশাহীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চার বিভাগের ৩২ জেলার চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর ও ছবিতে আয়োজন
কেউ শেষ মুহূর্তে পরখ করে নিচ্ছে নিজের যুক্তি, কেউবা সতীর্থের সঙ্গে মিলিয়ে নিচ্ছে বক্তব্যের ধারালো অংশটুকু। কারও চোখে ফাইনালে ওঠার স্বপ্ন, কারও বা প্রতিপক্ষের যুক্তি খণ্ডনের নীরব প্রস্তুতি। সব মিলিয়ে গত বৃহস্পতিবার সকালে যশোর প্রেস ক্লাব প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক প্রাণবন্ত উৎসব প্রাঙ্গণে। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে জ্ঞান-বিজ্ঞান ও যুক্তির শক্তিতে নিজেদের বিকশিত করতে খুলনা বিভাগের ১০টি জেলার শিক্ষার্থীরা মেতে উঠেছিল মেধার এ মহাসমাবেশে।
সকাল ৯টায় শুরু হয় বিতর্কের আনুষ্ঠানিকতা। দিনভর চলে তর্ক-বিতর্কের তুমুল লড়াই। ৭ ঘণ্টার যুক্তি-পাল্টা যুক্তিযুদ্ধ শেষে মাত্র ১ নম্বরের রোমাঞ্চকর ব্যবধানে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেয় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দলের বিজয়ী সদস্যরা হলো– ইফফাত জামান রায়া, অয়ন্তিকা দে দেবলীনা ও তানিশা ইসলাম রুপন্তি।
অন্যদিকে, শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন প্রতিরোধ গড়ে রানার্সআপ হয় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের দলের সদস্যরা হলো– আদ্র দে, সৈয়দ মাহদী হুসাইন ও শাদমান শাকিব খান। দলীয়ভাবে ট্রফি না পেলেও মাগুরার দলনেতা আদ্র দে তার অসাধারণ বাকপটুতা ও যুক্তির প্রয়োগ ঘটিয়ে আসরের ‘সেরা বক্তা’ নির্বাচিত হয়।
বিভাগীয় এ আসরে প্রতিটি দলই নিজ নিজ জেলার চ্যাম্পিয়ন হয়ে অংশ নেয়। খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়, মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় এবং বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দেয়। সাতক্ষীরা থেকে আসা শিক্ষার্থী তাহমিদুর রহমান জানায়, ভোরে এসে শুরুতে একটু নার্ভাস লাগলেও আয়োজনের আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই সেই জড়তা কাটিয়ে দেয়। অভিভাবকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। নুরনাহার নামে এক অভিভাবক জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মুক্তবুদ্ধিসম্পন্ন ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে দারুণ ভূমিকা রাখে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ, সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক মনিরুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
মানবাধিকারকর্মী মোস্তফা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ডা. আলাউদ্দিন আল মামুন, হাবিবুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম, শিশুসাহিত্যিক হাবিবুর রহমান, কৃতী বিতার্কিক বায়জিদ মাহমুদ, তাসনিমুল আলম, সুহৃদ সাধারণ সম্পাদক সুকান্ত দাস প্রমুখ।
যুগ্ম সম্পাদক, সুহৃদ সমাবেশ, যশোর
- বিষয় :
- সুহৃদ সমাবেশ