ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যুক্তির লড়াইয়ে রঙিন বিভাগীয় উৎসব

রাজশাহীতে চ্যাম্পিয়ন জয়পুরহাট

রাজশাহীতে চ্যাম্পিয়ন জয়পুরহাট
×
×

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের রাজশাহী বিভাগীয় পর্বে চ্যাম্পিয়ন জয়পুরহাটের পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ রাজশাহীর সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে উদ্বোধক প্রধান অতিথি ভূমিমন্ত্রী

সৌরভ হাবিব

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

‘বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে চলছে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬।’ জেলা পর্যায়ে উৎসবমুখর বিতর্ক শেষে শুরু হয়েছে বিভাগীয় প্রতিযোগিতা। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর-শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৫ অক্টোবর খুলনা ও বরিশাল এবং ১৭ অক্টোবর রংপুর ও রাজশাহীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চার বিভাগের ৩২ জেলার চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর ও ছবিতে আয়োজন

হেমন্তের স্নিগ্ধ সকাল। হালকা শীতের পরশ আর বাতাসে হিমেল অনুভূতি। উত্তরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজের শহীদ মিনারের ওপর প্রবীণ পলাশ বৃক্ষ যেন মায়ার ছায়া বিছিয়ে দিয়েছে। সেই প্রাঙ্গণে উত্তরের আট জেলার বিজয়ী খুদে বিতার্কিকদের পদচারণা। তারা এখনও স্কুলের গণ্ডি পার হয়নি, কিন্তু তাদের বুকে যুক্তির আগুন। জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্যায়ের লড়াইয়ে অংশ নিতেই তাদের এ পথচলা।

বিভাগের আট জেলার বিজয়ী দলগুলোর তীব্র যুক্তি-পাল্টা যুক্তির লড়াই শেষে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জয়পুরহাটের পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলের বিজয়ী তিন সদস্য– মালিহা মমতাজ, রুমাইয়া জান্নাত প্রীতি ও রাফিয়া তাসনিয়া। প্রতিযোগিতায় অনন্যসাধারণ নৈপুণ্য দেখিয়ে রানার্সআপ হয়েছে রাজশাহীর সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ দলের দুর্দান্ত দক্ষতার জন্য মিফতাউল হক প্রতিযোগিতার ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আটটি জেলার প্রথম স্থান অর্জনকারী স্কুলগুলো অংশ নেয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ছাড়াও বিতর্ক প্রাঙ্গণ মাতিয়েছে নাটোরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি, বগুড়া জিলা স্কুল, সিরাজগঞ্জের বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাবনা জিলা স্কুল।
যুক্তি ও বিজ্ঞানের আহ্বানে প্রাণবন্ত সকালে নির্ধারিত সময়ের আগেই উচ্ছ্বসিত খুদে বিতার্কিকরা জড়ো হতে থাকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে। সকাল ১০টায় রঙিন বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা এবং নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আউয়াল তৃষা।

উদ্বোধনী বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। তবে এর যেমন ইতিবাচক দিক আছে, তেমনি নেতিবাচক দিক রয়েছে। তাই প্রযুক্তির অপব্যবহার রোধ করে বিজ্ঞানকে ভালো কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে।’ তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করতে সমকালের এ ধারাবাহিক আয়োজনকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
দিনভর যুক্তির তুমুল যুদ্ধ শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মো. আশিক সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মোছা. তাছলিমা খাতুন, নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব। 

বিচারক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলাম কনক, অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, সহকারী অধ্যাপক রাদিয়া আউয়াল তৃষা, সুহৃদ রুবাইয়া জান্নাত বৃষ্টি, রোহানা হক সেতু, সুমিত হাসান, সৈকত হাসান, আবু নাঈম, জুবায়ের আহমেদ, প্রিয়া খানম, জারাফা আলম ও আমেনা খাতুন। উপস্থিত ছিলেন সমকালের নাটোর প্রতিনিধি কামরুল ইসলাম, চারঘাট প্রতিনিধি সনি আজাদ, লালপুর প্রতিনিধি আশিকুর রহমান, রাবি সুহৃদ খালিদ, জিহাদুল ইসলাম, সাজ্জাদুজ্জামান নাবিল, জহুরুল ইসলাম, শেখ তৌকির আহমেদ ও লুৎফর রহমান জিসান। 
দিনভর দারুণ লড়াই শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ট্রফি ও সনদ বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে উৎসবের। 
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, রাজশাহী

আরও পড়ুন

×