বাথরুম সজ্জার পণ্যে নান্দনিক নকশা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ০৭:০২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ | ১২:১০
| প্রিন্ট সংস্করণ
এবারের সিরামিক এক্সপোতে নতুন এক মাত্রা যোগ করেছে বাথরুম সল্যুশন। আধুনিক বাথরুম ফিটিংস, প্রিমিয়াম কালেকশন, সেন্সর প্রযুক্তির কমোড, দেয়ালে ঝোলানো কমপ্যাক্ট কমোড, ভিন্ন আকৃতির বেসিন, ওয়াশস্টেশন ও বয়স্কদের ব্যবহারবান্ধব অজুখানা নিয়ে হাজির হয়েছে বিভিন্ন কোম্পানি। প্রদর্শনীতে আধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বাথরুম সল্যুশনের এক সমৃদ্ধ সমাহার দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫। চার দিনব্যাপী এ প্রদর্শনীর প্রথম দিনে স্টেলার স্টলটি ছিল ব্যস্ততম। তাদের লাক্সারি স্যানিটারি সিরিজে বিভিন্ন ফিনিশের বেসিন মিক্সার, বিভিন্ন শেপের ওয়াল কমোড দর্শকের বেশ নজর কেড়েছে। নতুন ডিজাইন আধুনিক বাসাবাড়ির কম জায়গার বাথরুমেও ব্যবহারযোগ্য নানা কমপ্যাক্ট সল্যুশন স্টেলার অন্যতম প্রধান আকর্ষণ।
বিএইচএল গ্রুপ এ বছর এনেছে শক্ত ও দীর্ঘস্থায়ী বাথরুম ফিটিংসের বিস্তৃত সংগ্রহ। তাদের উদ্ভাবিত সেন্সরযুক্ত কমোডে স্বয়ংক্রিয়ভাবে রিম ক্লিনিং শুরু করে, যা ব্যবহারকারীদের দেবে নতুন এক অভিজ্ঞতা। পাশাপাশি অজুখানার বিভিন্ন ডিজাইন, বিশেষ করে বয়স্কদের জন্য উচ্চতা, গ্রিপ সুবিধাসহ তৈরি ‘আরগোনমিক ওয়াশস্টেশন’ দর্শকের বিশেষ দৃষ্টি কেড়েছে। স্টল ঘুরে দেখা বয়স্ক দর্শনার্থী আমান উল্লাহ বলেন, ‘আমাদের বয়সে ঝুঁকে অজু করা কষ্টকর। এখানে যে নতুন অজুখানাগুলো দেখলাম, এগুলো থাকলে ঘরে অনেক সুবিধা হবে।’
আরএকে সিরামিকস এবারের আয়োজনে এনেছে রুচিশীল ও মডার্ন ডিজাইনের কমপ্যাক্ট বাথরুম সল্যুশন। ফ্লোটিং ওয়াল-হ্যাঙ্গিং কমোড, স্মার্ট সেন্সর বেসিন, টাচ-ফ্রি কল এবং ম্যাট সিরিজের বিভিন্ন আকৃতির বেসিন তাদের স্টলে দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ। এবারের এক্সপোতে আরএকের স্টলে দেখা গেছে বিভিন্ন নান্দনিক বাঁক, আকৃতি ও রেখার সংমিশ্রণে তৈরি শিল্পধর্মী বেসিন, যা আধুনিক বাড়ি ও বুটিক হোটেলের জন্য বেশ উপযোগী। প্রদর্শনী দেখতে এসে বুয়েট শিক্ষার্থী মিন্টু দাস বললেন, ‘এ ধরনের বেসিন আধুনিক ডিজাইনে ভিজ্যুয়াল স্টেটমেন্ট তৈরি করে। আজ যে ডিজাইনগুলো দেখলাম, বাংলাদেশের বাজারে এগুলো সত্যিই নতুন।’
বিভিন্ন স্টলে দেখা গেছে, ক্রেতা-দর্শনার্থীরা কেউ খুঁজছেন ব্যবহারিক প্রয়োজন, কেউ চান নান্দনিকতা, কেউবা ভবিষ্যতের স্মার্ট বাথরুম। সেন্সরভিত্তিক কমোড ও টাচ-ফ্রি কলের প্রতি তরুণদের আগ্রহ বেশি হলেও বয়স্কদের কাছে আগ্রহ অজুখানা নিয়ে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নাসিরউদ্দিন বলেন, ‘আজকের প্রদর্শনী দেখে বুঝলাম, বাড়ির বাথরুমেও এত ধরনের ভিন্নতা আনা যায়! বিশেষ করে অজুখানায় যে নিরাপত্তা আর সুবিধার কথা ভাবা হয়েছে, সেটি আমাদের বয়সী মানুষের জন্য দারুণ।’
সিরামিক এক্সপো শুধু নতুন পণ্য প্রদর্শনের স্থান নয়; বরং ক্রেতা, প্রস্তুতকারক, ডিজাইনার ও স্থপতিদের এক মিলনমেলাও। এখানে এসে দর্শনার্থীদের অনেকে পণ্যের ডিজাইন, বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে ধারণা নিয়ে পরে শোরুমে গিয়ে কিনে থাকেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলেন, বাংলাদেশের বাথরুম সল্যুশন শিল্প দ্রুত আধুনিক হচ্ছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে। সৌন্দর্য, প্রযুক্তি, নিরাপত্তা এবং ব্যবহারিকতার সমন্বয়ে দেশীয় ব্র্যান্ডগুলো আন্তর্জাতিক মান স্পর্শ করছে। এবারের প্রদর্শনী সেই অগ্রযাত্রারই সুস্পষ্ট প্রমাণ।
- বিষয় :
- বিশেষ ক্যাম্পেইন
- মেলা
