ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফাতেমা ছিলেন ১৬ বছরের ছায়াসঙ্গী

ফাতেমা ছিলেন ১৬ বছরের  ছায়াসঙ্গী
×

ফাতেমা

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৬

| প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ১৬ বছরের ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগমকে চিরবিদায় জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি। দেড় দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের নীরব সাক্ষী। 

কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডোর– সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, কোনো দলীয় পদও নেই। তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় তাঁর উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। 

ফাতেমার জন্ম ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহ-মাদার গ্রামে। রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড়। একই ইউনিয়নের কৃষক হারুন লাহাড়ির সঙ্গে বিয়ের পর সংসার বাঁধেন। ঘরে আসে মেয়ে জাকিয়া ইসলাম রিয়া ও ছেলে মো. রিফাত। ছেলের বয়স তখন মাত্র দুই বছর, ঠিক সেই সময় ২০০৮ সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তাঁর স্বামী। এরপর ছোট দুই সন্তান নিয়ে তিনি ফিরে যান বাবা-মায়ের ঘরে। মুদি দোকানি বাবা সামান্য আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। তখন সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান তিনি। 

২০০৯ সালে পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন। 

ফাতেমা প্রথমে নজরে আসেন ২০১৪ সালের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে ঘিরে। গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে পথরুদ্ধ, গাড়িতে উঠেও বেরোতে পারেননি। ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন খালেদা জিয়া। পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না। ঠিক তখন দৃশ্যপটে ফাতেমা, শক্ত করে ধরে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রীর হাত। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত। তখন থেকেই সবার নজরে আসেন তিনি। 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান। সেই সময় তাঁর আইনজীবীরা আবেদন করেন গৃহকর্মী ফাতেমা যেন তাঁর সঙ্গে থাকতে পারেন। আদালতের অনুমতিতে ছয় দিন পর ফাতেমা যান কারাগারে। রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় তিনি হন কারাবন্দি। কারণ, তিনি জানতেন, এই সময়ে একা থাকা মানে ভেঙে পড়া। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও তাঁর (খালেদা জিয়া) ফাতেমাকে লাগবে। 
রাজনীতির ইতিহাসে বহু নাম উচ্চারিত হয় নেতা, আন্দোলন, ক্ষমতা, কারাগার। কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ। খালেদা জিয়ার জীবনে সেই ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম। 

আরও পড়ুন

×