ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মসজিদে নববি মদিনা শহরের প্রাণ

মসজিদে নববি মদিনা শহরের প্রাণ
×

ফাতিহা ফালাক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১১:৪৭

ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা। ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত প্রাণের শহর। মদিনা আল মুনাওয়ারাহ, যার অর্থ আলোকিত শহর। মদিনা প্রদেশের রাজধানী। ৬২২ সালে মুহাম্মদ (সা.) যেখানে মসজিদে নববি নির্মাণ শুরু করেন, নবীজি (সা.) চেয়েছিলেন এমন একটি মসজিদ বানাতে; যার সংলগ্ন জায়গায় তিনি পরিবার নিয়ে থাকতে পারবেন। সব গোত্রই তখন জমি দিতে চাইল, কিন্তু তিনি কাউকে মনঃক্ষুণ্ন করতে চাননি। তিনি বললেন, তিনি যে উটের পিঠে চড়ে আসবেন, উটটি যেখানে থামবে, সেখানেই হবে মসজিদ। দেখা গেল, উট যেখানে বসল সেটি দুই এতিমের জায়গা। তখন নবী (সা.) আবু বকর (রা.)-কে বললেন তাদের জমির মূল্য পরিশোধ করে দিতে। এরপর তিনি মসজিদের নকশা করেন এবং অন্য মুসলিমদের সহায়তা নিয়ে বানানো শুরু করে দেন। মসজিদটি বানাতে যত দিন লেগেছিল, তত দিন তিনি সাহাবি আবু আইয়ুব আল-আনসারি (রা.)-এর বাড়িতে থাকেন।

পবিত্র কোরআনের প্রায় অর্ধেক মদিনায় নাজিল হয়েছে। মদিনা আরও কয়েকটি নামে পরিচিত– ইয়াসরিব, তায়বা, আল-আজরা, আল-মুবারাকাহ, আল-মুখতারাহ ইত্যাদি। মক্কা থেকে ২৯০ মাইল উত্তরে অবস্থিত মদিনা, আর লোহিত সাগরের তীর থেকে ৯০ মাইল পূর্বে।

মসজিদে নববি-সম্পর্কিত তথ্য
এখানে পুরুষ ও নারীদের জন্য আলাদা দরজা ও নামাজের জায়গা আছে। মসজিদে প্রবেশের প্রতিটি গেটে নিরাপত্তাকর্মী থাকেন। তাঁরা বড় আকারের ব্যাগ চেক করে থাকেন। মসজিদের ভেতরে ও বাইরে ২২৯টি দরজা, ১৯৬টি স্থির ও চলমান গম্বুজ, ১০টি মিনার আছে। মসজিদের প্রতিটি বড় প্রবেশ দরজার ফটকে নামাজের সময়সূচি টাঙানো আছে। মসজিদ চত্বরের চারপাশে ২৬২টি সানশেড বৈদ্যুতিক ছাতা আছে। এসব ছাতা দিনের বেলায় খোলা থাকে এবং রাতে বন্ধ হয়ে যায়। মসজিদের ভেতরে সব জায়গায় জমজম কূপের পানির কনটেইনার রাখা থাকে। মসজিদের ভেতরে জুতা-স্যান্ডেল রাখার জন্য অসংখ্য শেলফ আছে। পর্যাপ্ত চেয়ার, বুকশেলফ ও রেহালও আছে।

পরিচ্ছন্নতাকর্মীরা মসজিদের ভেতরে কাজ করেন। তাঁদের অধিকাংশই এসেছেন পাকিস্তান, ভারত ও বাংলাদেশ থেকে। মসজিদের মধ্যে অনেক বইয়ের শেলফ রয়েছে। এসব শেলফ থেকে কোরআন শরিফ নিয়ে পড়তে পারেন। জান্নাতুল বাকি কবরস্থান ফজর এবং আসরের নামাজের পরে জিয়ারতের জন্য খোলা থাকে। ঋতুভেদে সময় কিছুটা পরিবর্তন হয়। মসজিদে নববির চারপাশে কিছু মিউজিয়াম ও এক্সিবিশন হল আছে। এগুলো ঘুরে দেখতে পারেন।

আরও পড়ুন

×