ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

বিনিয়োগ আকর্ষণে বাজেটে একগুচ্ছ সুবিধা প্রস্তাব

বিনিয়োগ আকর্ষণে বাজেটে একগুচ্ছ সুবিধা প্রস্তাব
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৮:৫০

| প্রিন্ট সংস্করণ

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের প্রস্তাব করা হয়েছে বাজেট বক্তৃতায়। শিল্প স্থাপনে বিনিয়োগের ব্যয় কমানোর স্বার্থে বিদেশি ঋণের সুদের ওপর উৎসে করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এফডিআই আকর্ষণে রয়্যালটি ও কারিগরি ফি বাবদ অনাবাসী করদাতাকে পরিশোধিত অর্থের ওপর উৎসে কর কর্তনের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ করার কথা বলা হয়েছে। এ ছাড়া শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে উৎসে অগ্রিম করের সাধারণ হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছ। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আশা করেন, এসব উদ্যোগের ফলে সরাসরি ব্যবসায়ের খরচ কমবে। বিশেষ করে রয়্যালটি ও বিদেশি ঋণের সুদের ওপর কর অর্ধেক করে দেওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত হবেন।

বিনিয়োগের জন্য খাতভিত্তিক সুবিধা পদক্ষেপ হিসেবে বাজেট প্রস্তাবে বলা হয়, কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ইলেকট্রনিকস, স্বর্ণ ও ডায়মন্ডের মতো শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টমস বন্ডেড সুবিধা বা ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হবে। বৈদেশিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বৈদেশিক লেনদেন সহজীকরণ, ব্যাংকিং সেবা দ্রুততর করা এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে শেয়ার হস্তান্তর সহজ করা, ঋণপত্রের (এলসি) বাধ্যতামূলক ব্যবহার শিথিল করা, বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস ব্যবস্থার আধুনিকায়নের কথা বলা হয়েছে। ক্ষুদ্র ও নবীন উদ্যোক্তাদের জন্য সহজ কমপ্লায়েন্স। এ রকম আরও বেশ কিছু প্রস্তাব করা হয়েছে বাজেটে।

বাজেটের অন্য প্রস্তাবের মধ্যে বিনিয়োগ আকর্ষণে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন

×