আবারও বোনাস শেয়ার ও পুঞ্জীভূত মুনাফায় কর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৯:০০
| প্রিন্ট সংস্করণ
ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন কোম্পানিকে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ না দিয়ে ‘স্টক ডিভিডেন্ড’ বা বোনাস লভ্যাংশ দেওয়া এবং পুরো মুনাফা লভ্যাংশ আকারে বিতরণ না করে জমিয়ে রাখা একটি স্বাভাবিক রীতি। তবে আওয়ামী লীগ সরকারের মতো এমন লভ্যাংশ দিতে করারোপ ফিরিয়ে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রীর প্রস্তাব, তালিকাভুক্ত কোনো কোম্পানি নগদ লভ্যাংশের বদলে পুরোপুরি স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ঘোষণা করে অথবা নগদ লভ্যাংশের তুলনায় স্টক ডিভিডেন্ডের পরিমাণ বেশি হয়, তবে ঘোষিত পুরো স্টক ডিভিডেন্ডের ওপর ১০ শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এমনকি পুঞ্জীভূত মুনাফায় (রিটেইন্ড আর্নিংস), অর্থাৎ কোম্পানির নিট মুনাফার ওপরও করারোপের প্রস্তাব করা হয়েছে। বাজেট প্রস্তাবে বলা হয়েছে, তালিকাভুক্ত কোনো কোম্পানি (ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া) যদি তার কর-পরবর্তী নিট মুনাফার অন্তত ৩০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে না দেয়, তবে অর্জিত নিট মুনাফার বিপরীতে রাখা সংরক্ষিত আয়, তহবিল বা উদ্বৃত্তের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। কোম্পানি নিট মুনাফা হিসাব হয় সব ধরনের করারোপের পর। ফলে উভয় ক্ষেত্রে এ করারোপ হবে, কর দেওয়া অর্থের ওপর ফের করারোপ।
- বিষয় :
- বাজেট
