সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে যা বললেন পাপন
ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৬:৫৪
পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২৩ জানুয়ারি দেশ ছাড়বেন ক্রিকেটাররা। একদিন পরেই লাহোরে দিবা-রাত্রীর ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহরা। বাংলাদেশ থেকে পাকিস্তান সিরিজ কভার করতে যাওয়া সাংবাদিকদেরও তাই ২৩ জানুয়ারিই দেশ ছাড়তে হবে। জাতীয় দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সঙ্গে তাই সাংবাদকর্মীদের নিরাপত্তার ব্যাপারটিও গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপার নিয়ে পাপন শুরুতেই খটকা লাগার মতো প্রশ্ন করেন, 'সাংবাদিকরা কি আমাদের সঙ্গে যাচ্ছেন?' পরেই ব্যাপারটা খোলাসা করে বললেন বোর্ড সভাপতি, 'মানে আমি জানতে চাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন, না-কি আলাদা।'
সাংবাদিকদের একসঙ্গে কিংবা আলাদা পাকিস্তানে যাওয়ার সুবিধা-অসুবিধা নিয়ে পাপন বলেন, 'যদি আলাদা যান তাহলে একটা ব্যাপার। আর একসঙ্গে গেলে আরেক ব্যাপার। একসঙ্গে গেলেই সহজ, একসঙ্গে সব করে ফেলা যায়। এগুলোই আলাপ করতে এসেছি, কে যাচ্ছে, কে যাচ্ছে না খোঁজ নিতে এসেছি।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তার ঝটিকা সফরে বলেন, 'আপনারা যাতে সর্বোচ্চ নিরাপত্তা পান সেটা দেখাও আমাদের দায়িত্ব। আপনারা যদি জানান, কে, কিভাবে যাচ্ছেন তাহলে আমরা অবশ্যই কনভে করবো। আমরা বলবো আপনাদের জন্য যেন সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করা হয়।'
বিসিবি সভাপতি মূলত ক্রিকেটারদের অনুশীলন দেখতে এসেছিলেন। বিপিএলে স্থানীয় ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন দলে খেলেছেন। সবার সঙ্গে দেখা বা আলাপ হয়নি। প্রথম দিনের অনুশীলনে সবার সঙ্গে দেখা করা তার উদ্দেশ্য ছিল বলে জানান। এর ফাঁকেই নানান দিক নিয়ে কথা বলেন। কথা বলেন বোলিং কোচ নিয়েও, 'বোলিং কোচ মোটামুটি ফাইনাল। চুক্তির আগে নাম বলছি না, সবকিছু মোটামুটি ঠিক করে ফেলেছি। তিনি দলের সঙ্গে সফর করবেন কি-না সেটা নিয়েই কথা হচ্ছে।'
