দলের সঙ্গে থাকবেন পাপন
পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে রোববার নিজের ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল। মিরপুরের সেন্টার উইকেটে তার অনুশীলনের মাঝেই হাজির বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারপর হয়ে গেল খানিকটা গল্পও- বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ২০:৫১
ক্রিকেটাররা তখন মাত্র অনুশীলন শুরু করেছেন। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে নিয়ে মাঠে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বেশ কিছুক্ষণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। এরপর গণমাধ্যমকে জানান, নিরাপত্তা নিয়ে ক্রিকেটারদের অভয় দিয়েছেন। পাকিস্তান সফরে তিনি নিজেও দলের সঙ্গে থাকবেন বলে জানালেন নাজমুল হাসান।
নিরাপত্তা শঙ্কায় মুশফিকুর রহিম ছাড়াও বেশ কয়েকজন কোচিং স্টাফ দলের সঙ্গে যাচ্ছেন না পাকিস্তান। তাদের বদলে কে কে যাবেন, সেসব ঠিক করতেই নাকি রোববার শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিসিবি সভাপতি। সেখানে বৈঠকে বসার আগে ক্রিকেটারদের সাহস জোগাতেই বলেছেন, তিনি নিজেও তাদের সঙ্গে পাকিস্তান থাকবেন, 'জরুরি প্রয়োজনে কাল (সোমবার) রাতে আমাকে একটু দেশের বাইরে যেতে হচ্ছে। আমি চলে আসব ২২ তারিখ। তাই ওদের সঙ্গে আমি যেতে পারছি না। তারা তো ভাবতে পারে যে, আমি হয়তো যাবই না। আমি তাদের বলছি, ২৩ তারিখ ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। সাপোর্ট স্টাফ কারা যাচ্ছে বা যাচ্ছে না, সেটা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ ছাড়া তাদের (ক্রিকেটারদের) অনুভূতি বোঝার চেষ্টা করলাম। বুঝলাম যে, ওরা সবাই চার্জড আপ আছে।' তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফায় তিনটি টি২০ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে বুধবার রাতে। বৃহস্পতিবার সকালে লাহোরে পৌঁছে বিকেলে হালকা অনুশীলন করবে বলেও জানালেন বিসিবি সভাপতি। ২৪ জানুয়ারি প্রথম টি২০।
ক্রিকেটারদের নিরাপত্তা প্রসঙ্গ মাথায় না আনতেই পরামর্শ দিয়েছেন নাজমুল হাসান। কেবল খেলায় মনোনিবেশ করতে বলেছেন, 'আমি তাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলাপই করতে চাইনি। তবুও কথা উঠেছিল হালকা, আমি বলেছি, এটা নিয়ে চিন্তার কিছু নেই। খেলা নিয়ে চিন্তা করতে বলেছি। মাথার মধ্যে এ রকম একটা চিন্তা থাকলে তো স্বাভাবিক পারফরম্যান্স আসে না। মানসিক শান্তি ছাড়া ক্রিকেট খেলা অনেক কঠিন। আর এমনিতে টি২০ অনেক টেনশনের খেলা। সেকেন্ডে খেলা ঘুরে যায়। ওদের বললাম, ঠান্ডা মাথায় খেলবে। ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আমি আসছি। একসঙ্গে থাকব, একসঙ্গে খাব। কোনো অসুবিধা নেই।' পাকিস্তানে মুশফিককে মিস করবেন বলেও জানান বিসিবি সভাপতি।
পাকিস্তানের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন বিসিবিপ্রধান। বাংলাদেশ থেকে একটি অগ্রবর্তী নিরাপত্তা দল যাচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তান সফরে যাওয়ার জন্য চাপের কথাটিও স্বীকার করেছেন নাজমুল হাসান, 'আইসিসির পূর্ণ সদস্য হিসেবে এখানে (টেস্ট চ্যাম্পিয়নশিপ) আমাদের অংশ নেওয়া উচিত। এখানেই মূল একটা চাপ ছিল। ওরা (আইসিসি) বলাতেই তো আসলে যাচ্ছি। সবদিক থেকে যেভাবে সিদ্ধান্তটি এসেছে, এরপর ওখানে না যাওয়াটা কঠিন। এরপরও ওখানে যদি এমন কোনো ঘটনা আলল্গাহ না করুক ঘটে বা তেমন অবস্থা হয় তাহলে তো আর আমরা যাব না। আমাদের যদি কখনও মনে হয় যে, সেখানে যেমনটা ভেবেছিলাম বা পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের সিদ্ধান্তও পরিবর্তন হবে।'
