ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
×

ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৭:২০

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখেন। খেলা শেষ হওয়ার পর সবাই চলে গেলে গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।

এ সময় কার্যালয়ে থাকা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, চেয়ার-টেবিল বাইরে ফেলে দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে বাজারের পাহারাদাররা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কার্যালয়ের কিছু অংশ, কয়েকটি চেয়ার ও ফেস্টুন পুড়ে যায়।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহম্মেদ সমকালকে বলেন, আমি কিছুক্ষণ আগে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আমাদের ধারণা, নিষিদ্ধ সংগঠনের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। দলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, নলমুড়ি ইউনিয়ন বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আমাদের টিম সেখানে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
 

আরও পড়ুন

×