'শুরুর একাদশে খেলতে না পারায় খুব কষ্ট পেতাম'
বঙ্গবন্ধু গোল্ডকাপে রোববার শ্রীলংকার বিপক্ষে গোলের পর মতিনকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ২১:৫৮
গত বছরের ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে লাওসের মাঠে শুরুর একাদশে খেলেছিলেন মতিন মিয়া। তারপর বঙ্গবন্ধু গোল্ডকাপে ফিলিস্তিন ও রোববার শ্রীলংকার বিপক্ষে বেস্ট ইলেভেনে ছিলেন তিনি। মূলত নবীব নেওয়াজ জীবন না থাকাতেই সেরা একাদশে সুযোগ হয় বসুন্ধরা কিংসের এ ফরোয়ার্ডের। রোববার লংকানদের বিপক্ষে বাংলাদেশের ৩-০ গোলের জয়ে মতিন একাই করেন দুটি। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম গোল করার তৃপ্তি যেমন আছে, তেমনি করে শুরুর একাদশে খেলতে না পারার কষ্টও আছে মতিনের। দুই ম্যাচে প্রথম একাদশে খেলা মতিন এই পজিশনটা আর হারাতে চান না।
রোববার ম্যাচ শেষে সিলেটের এ ফরোয়ার্ড বলেন, 'এটা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল। সবচেয়ে বড় কথা হলো, গুরুত্বপূর্ণ ম্যাচটি আমরা জিতেছি। শুরুর একাদশে খেলতে না পারায় আমি খুব কষ্ট পেতাম। দুই ম্যাচেই বেস্ট ইলেভেনে খেলেছি। আমি সুযোগ পেয়েছি, গোল করেছি। এখন আর পজিশনটা হারাতে চাই না। বাকি ম্যাচগুলোতেও সেরা একাদশে খেলতে চাই।'
ফিলিস্তিনের কাছে হারের পর চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ সামলে লংকান-বধ। তৃপ্ত বাংলাদেশ কোচ জেমি ডে, 'শ্রীলংকা ম্যাচটা যে কঠিন হবে, তা আমি জানতাম। কারণ ফিলিস্তিনের সঙ্গে ৯০ মিনিট পর্যন্ত সমানতালে লড়াই করেছিল তারা। সে দলটির বিপক্ষে জামাল ভূঁইয়া, ইয়াসিন খানের মতো ফুটবলারকে ছাড়া খেলে জিতেছি, এতে আমি খুশি। ৩-০ গোলে জিতেছে, সবচেয়ে বড় বিষয় হলো, গোল হজম করিনি। সব মিলিয়ে পুরো ম্যাচে ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি।'
- বিষয় :
- ফুটবল
- মতিন মিয়া
- বঙ্গবন্ধু গোল্ড কাপ
