ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রিজার্ভের ওপর চাপ কমাতে বিদেশ সফরে কড়াকড়ি বিসিবির

রিজার্ভের ওপর চাপ কমাতে বিদেশ সফরে কড়াকড়ি বিসিবির
×

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২ | ০০:৩৫ | আপডেট: ০৩ জুন ২০২২ | ০০:৪৩

বৈশ্বিকভাবে ব্যয় বেড়ে যাওয়ায় সংকোচন নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে লাগাম টানা হয়েছে। সরকারের নীতির সঙ্গে সমন্বয় করে বিসিবিও ব্যয় সংকোচনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। 

বৃহস্পতিবার বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয় এখন থেকে বিদেশ সফরে অতিরিক্ত খেলোয়াড় পাঠাবে না। টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই এটা কার্যকর করা হবে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আগে বিমানের যে টিকিট তিন থেকে চার লাখ টাকায় কেনা যেত, এখন সেটি ১০ থেকে ১১ লাখ দিতে হচ্ছে। হোটেল ভাড়া যেটা ছিল ২৫০ ডলার, সেটি এখন কমপক্ষে ৪০০ থেকে ৫০০ ডলার করে লাগছে। 

সেজন্য আজকের সভায় আমরা বলেছি, এই খরচ কমিয়ে আনতে হবে। এতদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কভিড পরিস্থিতিতে সতর্কতাস্বরূপ অনেক বাড়তি খেলোয়াড় এবং স্টাফ পাঠিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তা কমানো হবে। এর মানে হলো, আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। 

এছাড়া জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে বাজেট কমিয়ে আনতে। প্রতিটি ডিপার্টমেন্টের বাজেট যেন আগের বাজেটের চেয়ে না বাড়ে। আমাদের নতুন নতুন অনেক কিছু করার কথা ছিল। সেগুলো আপাতত ৩ থেকে ৪ মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে।’

আরও পড়ুন

×