এবার জিদানকে পিএসজিতে চান ম্যাক্রোঁ
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০৭:১২ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০৭:১২
কিলিয়ান এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। ওই চুক্তির পেছনে হাত আছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। তরুণ এমবাপ্পেকে ফোন করে পিএসজি থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এবার ম্যাক্রোঁ চান পিএসজির কোচের দায়িত্ব নিক কিংবদন্তি জিনেদিন জিদান।
তবে ম্যাক্রোঁ প্যারিসের ক্লাবটির ডাগআউটে দাঁড়ানোর জন্য জিদানকে ফোন করেননি বলে উল্লেখ করেছেন, ‘না, আমি জিদানের সঙ্গে কথা বলিনি। তবে আমি চাই, তিনি কাজে ফিরুক এবং ফ্রান্সকে (দেশের ফুটবল) সামনে এগিয়ে নিক।’
জিদানের পিএসজির কোচ হওয়ার গুঞ্জন ছিল মৌসুম জুড়ে। কিন্তু ওই গুঞ্জন এখন কিছুটা থিতিয়ে গেছে। কারণ সংবাদ মাধ্যম দাবি করেছে, জিদান এখন কাজে ফিরতে চান না। পিএসজির প্রজেক্টও নাকি তার মনে ধরেনি।
তবে ওসব নিয়ে তো ম্যাক্রোঁর চিন্তা থাকার কথা নয়। তিনি চান, জিদান ফ্রান্সের শীর্ষ পর্যায়ের যেকোন ক্লাবের দায়িত্ব নিক। রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন জিজু। এবার ফ্রান্সের কোন ক্লাবকে ওই সম্মান এনে দিক।
ম্যাক্রোঁ বলেন, ‘আমি কোচ এবং ফুটবলার জিদানের বড্ড ভক্ত। আমি চাই, রিয়ালের মতো কিছু একটা তিনি আমাদের এখানে করুক। তিনি দায়িত্ব নিলে এখানকার লিগে দারুণ প্রভাব পড়বে। ফ্রান্স ক্রীড়া এবং ফুটবলের জন্য দারুণ এক দেশ। এটা অকপটে বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। জিদানের মতো একজনের কাজে ফিরে আসা এবং আমাদের জন্য কাজ করা গুরুত্বপূর্ণ।’
