অশ্বিন বাদ পড়লে কোহলি কেন থাকবে, প্রশ্ন কপিলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২২ | ০৪:২৮ | আপডেট: ০৯ জুলাই ২০২২ | ০৪:৩৪
অফফর্মে বিরাট কোহলি। দীর্ঘদিন ধরেই তার ব্যাটে নেই বড় রান। সেঞ্চুরি তো দূরের কথা, ব্যাটে আসছে না হাফসেঞ্চুরিও। এই পরিস্থিতিতে কোহলিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া উচিৎ। এমনই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিংবদন্তি কপিল দেব।
কপিল দেব সাধারণত সহজ কথা বলতে পছন্দ করেন। যেটা সত্যি সেটা বলেন। তাতে অপ্রিয় হয়ে গেলেও ভয় পান না। বরাবরের মতই তার কাছে দলের চেয়ে ক্রিকেটার বড় নয়। এটাই তার দর্শন।
কোহলির খারাপ ফর্মের বিষয়ে কপিল বলেছেন, 'কোহলি একজন দুর্দান্ত খেলোয়াড়। এর সঙ্গেই তিনি দাবি করেছেন, কিন্তু ও শুধুমাত্র নিজের নামের জোরে বেশি দিন খেলতে পারবে না। দুর্ভাগ্যবশত গত দু' বছর ধরে আমরা ওকে অফ স্টাম্পের বাইরে ডেলিভারি তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে দেখছি। ওকে এটা নিয়ে ভাবতে হবে এবং উন্নতি করতে হবে। ওকে এই শটগুলো খেলা বন্ধ করতে হবে। কারণ ও যদি এ ভাবে খেলতে থাকে এবং আউট হতে থাকে, আর রান না পায়, তাহলে ওকে নিয়ে বড় প্রশ্ন উঠবে যে, ও কেন স্কোর করছে না?
তিনি আরও বলেছেন, বর্তমান সিরিজে ওকে নিজেকে প্রমাণ করতে হবে। শুধুমাত্র নিজের নামের জোরে বেশি দিন খেলতে পারবে না। ওকে পারফর্ম করতে হবে এবং রান করতে হবে। প্রত্যেকেই বুঝতে পারছে যে, ও খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই ঘটতে পারে।
ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব বিশ্বাস করেন, রবিচন্দ্রন অশ্বিন যদি টেস্ট থেকে বাদ পড়তে পারে, তাহলে বিরাট কোহলি কেন টি-টোয়েন্টি থেকে বাদ পড়বেন না?
কপিল বলেন, ‘বর্তমান পরিস্থিতি এমন যে, কোহলিকে টি-টোয়েন্টির সেরা একাদশ থেকে বেঞ্চে বসতে বাধ্য করা উচিত। যদি বিশ্বের দ্বিতীয় সেরা বোলার অশ্বিন টেস্ট দল থেকে বাদ পড়তে পারে, তাহলে এক সময়ের বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান কোহলিকেও বাদ দেওয়া যাবে।'
শুধু তাই নয়, কোহলির বদলে দলে কোনও তরুণকে সুযোগ দেওয়ার কথাও তুলেছেন কপিল দেব। কপিলের বলতে দ্বিধা নেই যে, কোহলিকে দেখে বর্তমানে মনে হচ্ছে সে তার পুরানো ছায়া! আর বিরাট যেহেতু এখন যোগ্যতা অনুযায়ী খেলতে পারছেন না, তাই তার বদলে দলে এখন তরুণরাই জায়গা পাওয়ার যোগ্য।
- বিষয় :
- বিরাট কোহলি
- রবিচন্দ্রন অশ্বিন
- ভারত
- কপিল দেব
