পিএসজি ছাড়ার সংবাদে হতবাক এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ০১:১৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ০১:১৩
পিএসজি ও কিলিয়ান এমবাপ্পের তিক্ততা নিয়ে জল ঘোলা কম হয়নি। কদিন আগেই স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পিএসজিতে ভালো নেই কিলিয়ান এমবাপ্পে। সামনের ট্রান্সফার উইন্ডোতে তিনি রিয়ালে আসতে চাইছেন।
কিন্তু যাকে নিয়ে এত আলোচনা, তিনি ছিলেন নীরব। অবশেষে মুখ খুললেন বিশ্বকাপ জয়ী তারকা। পিএসজি ছাড়ার সংবাদে হতবাক হয়েছেন এমবাপ্পে।
রোববার রাতে পার্ক দি প্রিন্সেসে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি পিএসজি। এমবাপ্পের অ্যাসিস্টে নেইমারের একমাত্র গোলে ঘরের মাঠে জয় পায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।
জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরাসি ফরোয়ার্ড বলেন, 'আমি তো এখানে খুবই ভালো আছি। জানুয়ারিতে চলে যাওয়ার কথা আমি কখনোই বলিনি। অনেকেই মনে করে এই খবর তৈরির সঙ্গে আমি জড়িত আছি। কিন্তু আমি জড়িত নই। অন্য সবার মতো আমিও ধাক্কা খেয়েছি সেদিন। খবরটা শুনে সবাই হতবাক হয়ে পড়েছিল। এরপরও আমাদের শান্ত থাকতে হয়েছে। কারণ খেলা ছিল। আর এটা বোঝানোর ছিল যে খবরটি সম্পূর্ণ ভুল, আমি এখানেই ভালো আছি।'
পিএসজির হয়ে চলতি মৌসুম ভালোই যাচ্ছে এমবাপ্পের। তবে সামগ্রিক পারফরম্যান্স নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। জাতীয় দলের হয়ে সেভাবে ঝলক দেখাতে পারছেন না। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের শেষ দশ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন।
