ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

গঙ্গাবরণে গায়ে হলুদ সৌম্যর

গঙ্গাবরণে গায়ে হলুদ সৌম্যর
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:২৬

আত্মীয়-অনাত্মীয় পরিবেষ্টিত হয়ে গঙ্গাবরণের মধ্য দিয়ে গায়ে হলুদ আর শুদ্ধ গঙ্গাজলে স্নাত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার।

বুধবার দুপুরে এ আয়োজনের সময় ঢাক-ঢোল-কাশির বাদ্য আর হুলুধ্বনিতে মুখরিত হয়ে উঠলো সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার ‘লাল সবুজ’ বাড়িটি।

সৌম্যকে যে হলুদ মাখিয়ে বরণ করা হয় সেই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়িতে যাবেন বরের স্বজনরা। সে হলুদেই স্নাত হবেন কনে। বুধবার বরকে আশীর্বাদ করেন বাবা মা ও স্বজনরা।

দুপুরে মঙ্গলধ্বনি ঢাক শাঁখ, সানাই আর বাদ্য বাজনায় আনন্দমুখর হয়ে ওঠে সৌম্যর বাড়ি। আবির রাঙা বিকেলে বর সৌম্য সরকার তার সহযাত্রীদের নিয়ে রওনা হবেন খুলনায় কনের বাড়ি অভিমুখে। শুক্রবার রাতে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে।

সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার বলেন, মঙ্গলধ্বনি ঢাক-শাঁখ-সানাই আর বাদ্য বাজন বাজিয়ে খুলনার উদ্দেশে রওনা হবে সৌম্য। ২৮ ফেব্রুয়ারি বৌভাত। কনের নাম প্রিয়ন্তী দেবনাথ পূজা। তাদের আদি বাড়ি পিরোজপুরে। খুলনায় বসবাস। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

গত শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় নিজের বাড়িতে সম্পন্ন হয় সৌম্য-পূজার আশীর্বাদ অনুষ্ঠান।

আরও পড়ুন

×