‘৪৮ দলের বিশ্বকাপ অশ্লীল, নগণ্য হয়ে উঠতে পারে’
ঘানার তরুণ ফুটবলার সেমেনোর সঙ্গে কোচ কুইরোজ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২০:৫০ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ২০:৫৩
ফিফার ৪৮ দলের বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঘানার সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কার্লোস কুইরোজ। তার মতে, ফিফা ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে, কেবলমাত্র অর্থ উপার্জন করতে। ভবিষ্যতে যা আকর্ষণ হারাতে পারে। টুর্নামেন্টটি অশ্লীল, নগণ্য হয়ে উঠতে পারে।
ঘানা ‘এল’ গ্রুপে ইংল্যান্ডকে আটকে ও পানামাকে হারিয়ে তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে এসেছে। ৪৮ দলের টুর্নামেন্ট না হলে বাদ পড়তে হতো তাদের। কেপ ভার্দে, ডিআর কঙ্গো, আলজেরিয়া,প্যারাগুয়েও একইভাবে নকআউট পর্বে জায়গা পেয়েছে।
ব্লাক স্টার্সদের কোচ কুইরোজ বলেন, ‘যে জিনিসটা বিরল, তার মূল্য সবসময় বেশি। বিশ্বকাপে যে পরিমাণ দল জায়গা পাচ্ছে, আমি শঙ্কিত- এই টুর্নামেন্ট অশ্লীল, নগণ্য হয়ে উঠতে পারে। এটা নিতান্তই আমার মতামত। এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আমারও হয়তো আরো ভাবতে হবে। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।’
ফিফা বিশ্বকাপে ৪৮ দল এনেছে অর্থের কারণে বলেও উল্লেখ করেছেন কুইরোজ। তিনি বিশ্বকাপকে ‘মানিবল’ নামেও আখ্যা দিয়েছেন, ‘আজকাল টাকা কথা বলে। ফুটবলও অর্থের খেলা হয়ে গেছে। এটাকে ফুটবল না বলে মানিবল নামে ডাকা যায়। এর কারণে মাঠের অনেক সিদ্ধান্তও বদলে যেতে দেখছি আমরা।’
এবারের বিশ্বকাপে নকআউট পর্বে উঠেছে ৩২ দল। এবারই প্রথম সাতটি দল নকআউট পর্বে খেলার স্বাদ নিতে যাচ্ছে। মিশর, ডিআর কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, বসনিয়া, আইভরি কোস্ট, কেপ ভার্দে ও বিশ্বকাপের যৌথ স্বাগতিক কানাডার পূর্বে বিশ্বকাপের নকআউটে খেলার অভিজ্ঞতা নেই।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
