ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রোহিতের ফিটনেস নিয়ে কপিলের বিস্ফোরক মন্তব্য

রোহিতের ফিটনেস নিয়ে কপিলের বিস্ফোরক মন্তব্য
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৬

ভারতের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মা। তার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সাহস করবে না। অধিনায়ক হিসেবেও সফল তিনি। তবে ফিটনেস নিয়ে প্রায়শই সমালোচনা শুনতে হয় ভারত অধিনায়ককে। এবার বিরাট কোহলিকে দেখে রোহিতকে ফিট হওয়ার পরামর্শ দিলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। 

সম্প্রতি ১১ মাস পর টেস্টে ফেরা ৩৫ বছর বয়সী রোহিতের ফিটনেস নিয়ে বিতর্ক হচ্ছে। টিভিতে অধিনায়ককে 'ভারী' দেখায়, উল্লেখ করে বিরাট কোহলির ফিটনেস প্রসঙ্গ টেনেছেন ৬৪ বছর বয়সী কপিল।

তিনি বলেছেন, 'ফিট হওয়া খুব জরুরি। অধিনায়ক হিসেবে আরও দরকারি ফিট হওয়া। যদি কেউ ফিট না হয়, তাহলে এটা লজ্জার ব্যাপার। রেহিতকে আরও পরিশ্রম করতে হবে ওর ফিটনেস নিয়ে।'

ভারতের হয়ে এখনও পর্যন্ত তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলে যাচ্ছেন রোহিত। ৩৫ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে করেছেন প্রায় ১৭ হাজার রান। যেখানে ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন তিনি। 

ব্যাটার রোহিতকে নিয়ে কপিলের মনে অবশ্য কোনও সন্দেহই নেই। তিনি বলছেন, 'রোহিত দুর্দান্ত ব্যাটার। কিন্তু টিভিতে রোহিতকে দেখে মনে হয় ওর ওজন একটু বেশিই। তবে টিভিতে একজনকে দেখে যেরকম মনে হয়, সামনাসামনি দেখলে অন্যরকম লাগতেই পারে। কিন্তু আমার যেটা মনে হয়, একজন দুর্দান্ত ক্রিকেটারের পাশাপাশি রোহিত একজন দুর্দান্ত অধিনায়ক। কিন্তু ওকে ফিট থাকতে হবে। বিরাট কোহলির দিকে তাকান, দেখলেই মনে হবে ও দারুণ ফিট।'

গাভাস্কার-বোর্ডার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি ওপেনার রোহিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সিরিজ জিততে হবে, এমন সমীকরণে প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় আছে তার দল। সবকিছু ঠিক থাকলে জুনে ওভালে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে চলেছে রোহিতের দল।

আরও পড়ুন

×