টোকিও অলিম্পিক পেছানোর প্রস্তাব অ্যাবের
ছবি: মেইল অনলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৬:২৪ | আপডেট: ২৪ মার্চ ২০২০ | ০৬:২৯
জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০ সালের টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী। অলিম্পিক ২০২১ সালে আয়োজনের প্রস্তাব করেছেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে। অলিম্পিক গেমসের প্রধানের সঙ্গে এক আলোচনায় এ প্রস্তাব করেছেন তিনি।
এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান ডিক পাউন্ড সোমবার জানান, জাপান অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত হয়ে গেছে। আগামী গ্রীষ্মে অলিম্পিক আয়োজন করা হচ্ছে না। শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা।
ওদিকে বিবিসির সংবাদে বলা হয়েছে, টোকিও অলিম্পিক স্থগিতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বুধবার। এর আগে আইওসি টোকিও অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চার সপ্তাহ সময় নিয়েছিল।
এর আগে পাউন্ড বলেন, ‘আইওসি যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমার কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে বলতে পারি, টোকিও অলিম্পিক পেছাচ্ছে। সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই অলিম্পিক আয়োজন করা সম্ভব হচ্ছে না। এইটা আমি বলতে পারি। এটা এমন এক পর্যায়ে এসেছে যে, স্থগিত করা ছাড়া কোন উপায় নেই।’
