ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইব্রার সঙ্গে আমার অনেক মিল: বুমরাহ

ইব্রার সঙ্গে আমার অনেক মিল: বুমরাহ
×

ছবি: উইজডেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৩:৪৫ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ০৩:৪৭

টেনিস-বাস্কেটবলের সঙ্গে ফুটবলের বিশ্ব তারকাদের যত নিবিড় সম্পর্ক ক্রিকেটারদের সঙ্গে ততটা নয়। অনেক লিজেন্ড ক্রিকেটারকে চেনেন না ফুটবল জগতের অধিকাংশ তারকাই। অবশ্য প্রেক্ষাপট ইংল্যান্ডে কিছুটা ভিন্ন। ভারতের তারকা ক্রিকেটার এবং বর্তমান সময়ের অন্যতম সেরা পেস বোলার জাসপ্রিত বুমরাহ যেমন মনে করেন তার উত্থানের গল্পটা জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে অনেকটা মিলে যায়। ইব্রার ভক্ত বলেও উল্লেখ করেন বুমরাহ।

করোনার কারণে বিশ্বের ক্রীড়াঙ্গন থমকে আছে। ফুটবল হচ্ছে না। মাঠে গড়াচ্ছে না ক্রিকেট। অলস সময়ে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে এক সঙ্গে খেলা রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ ইনস্টাগ্রামে ভিডিও কলে কথা বলেন। টেস্ট র‌্যাংকিংয়ে সাতে এবং ওয়ানডেতে আইসিসি দ্বিতীয় সেরা বোলার হওয়া বুমরাহ এসময় মুম্বাই অধিনায়ককে ইব্রার সঙ্গে তার মিলের কথা বলেন।

ভিন্নধর্মী বোলিংয়ের জন্য সকলের নজরে আসা এই ডানহাতি পেসার বলেন, ‘ইব্রার সঙ্গে আমার গল্পটা মেলাতে পারি। শুরুতে কেউ তাকে পাত্তা দিত না। কিন্তু সেই ইব্রাই তারকা বনে যান। শুরুতে আমাকেও সবাই খুবই হালকাভাবে নিতেন। কিন্তু আমি তাদের ভুল প্রমাণ করেছি। এখনও চেষ্টাটা করে যাচ্ছি।’

বুমরাহর উত্থান আইপিএল দিয়েই। তার দুর্দান্ত বোলার হয়ে ওঠার পেছনে শ্রীলংকার অভিজ্ঞ পেসার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সতীর্থ লাসিথ মালিঙ্গার বড় ভূমিকা আছে। মালিঙ্গার সঙ্গে এখন সম্পর্ক কেমন। মালিঙ্গা কি অবদান রেখেছেন এমন প্রশ্নের জবাবে বুমরাহ বলেন, ‘শুরুতে তার সঙ্গে যোগাযোগটা কঠিন ছিল। মালিঙ্গা বল করার সময় মনস্থির করার ব্যাপারটা আমাকে শিখিয়েছেন। শুরুতে আমি বিরক্ত হয়ে যেতাম। কিন্তু তিনি বলেন রেগে যাওয়ার কিছু নেই।’

এছাড়া বুমরাহ জানান, আইপিএলের চলতি মৌসুমে তিনি নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন। অবশ্য আসরটা যদি  মাঠে গড়ায়। বুমরাহ বলেন, যখন বোল্ট দিল্লিতে ছিলেন তার কাছে স্লোয়ার বল সম্পর্কে জানতে চেয়েছিলেন। এছাড়া নিউজিল্যান্ড সফরে গিয়েও বোল্টের সঙ্গে কথা হয়েছে বলে জানান ভারতের পেস আক্রমণের চেহারা পাল্টে দেওয়া বুমরাহ।

আরও পড়ুন

×