অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০২:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। তবে আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে সীমিত ওভারেই এই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নেই। অনির্দিষ্টকালের জন্য আইপিএলের ১৩তম আসর স্থগিত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ৩ মে পর্যন্ত বর্ধিত করার পর বিসিসিআই এ সিদ্ধান্ত নিয়েছে। খবর পিটিআই
ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সেক্রেটারি জয় শাহসহ শীর্ষ কর্তারা অনলাইন এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে, এই মুহূর্তে আইপিএল নিয়ে চিন্তা করারও সুযোগ নেই। পরিস্থিতি আগে স্বাভাবিক হোক, তার পরে টুর্নামেন্ট নিয়ে ভাববেন তারা।
আইপিএলের এক দলের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বছরের শেষের দিকে এবারের আসর আয়োজন করা যায় কি-না তা নিয়ে ভাববে বোর্ড। তিনি বলেন, ‘হ্যাঁ, বিসিসিআই আমাদের জানিয়েছে যে, আপাতত আইপিএল আয়োজন সম্ভব হচ্ছে না। তারা আশা করছেন, পরিস্থিতি ভালো হলে মৌসুমের শেষ দিকে একটা সময় বের করে নিতে পারবেন।’
চলতি আসরের আইপিএল মাঠে গড়ানোর কথা ছিল ২৯ মার্চ। সেটা পিছিয়ে ১৫ এপ্রিল নিয়ে যাওয়া হয়। কিন্তু লকডাউন থাকার কারণে ১৫ এপ্রিলের আইপিএল নিয়ে কোন সিদ্ধান্ত জানায়নি বোর্ড। শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হলো, এবারের আইপিএল আয়োজনের সম্ভাবনা খুবই কম।
আইপিএল না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতের ক্রিকেট বোর্ড। আইপিএল থেকেই সিংহভাগ আয় করে বোর্ডটি। সেখান থেকেই বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাকে অনুদানও দেয়। সে সব বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এখনই। আর্থিক মন্দার সময়ও ভারতীয় বোর্ড ক্ষতির মুখে পড়েনি। কারণ তখন খেলা বন্ধ থাকেনি। কিন্তু এখন সবই বন্ধ।
