হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাজ্য-ফ্রান্সকে ইরানের হুঁশিয়ারি
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৩:৪৫ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ১৩:৫৮
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তির পরও হরমুজ নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ অবস্থায় হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।
গতকাল শনিবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফ্রান্স ও যুক্তরাজ্য জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষায় সামরিক বাহিনী পাঠাতে তারা প্রস্তুত রয়েছে। দেশ দুটির পক্ষ থেকে এমন বার্তা আসার পর গতকাল হরমুজ প্রণালিতে যে কোনো ধরনের সামরিক তৎপরতার বিরুদ্ধে তাদের সতর্ক করেছে ইরান।
এক্সে দেওয়া এক পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, একটি দায়িত্বশীল শক্তি এবং প্রণালির নিরাপত্তার নিশ্চয়তাকারী হিসেবে ইরান এই নৌপথে যে কোনো সামরিক তৎপরতার বিরুদ্ধে সতর্ক করছে। হরমুজ প্রণালির নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর ওপর নির্ভরশীল।
পোস্টের সঙ্গে গরিবাবাদি একটি স্ক্রিনশট যুক্ত করেছেন। এতে যুক্তরাজ্য-ফ্রান্সের যৌথ তৎপরতার একটি ঘোষণা রয়েছে।
সিএনএন জানিয়েছে, উভয় দেশই প্রণালিটিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে প্রচেষ্টা জোরদার করেছে। এ জন্য গত এপ্রিলে আরও ৫১টি দেশের অংশগ্রহণে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ একটি বিবৃতিরও বিরোধিতা করেছে ইরান। ওই বিবৃতিতে মাখোঁ বলেন, ফ্রান্স, ওমান ও অন্যান্য দেশ প্রণালিটি থেকে মাইন অপসারণে সহযোগিতা করবে। সে সময় গরিবাবাদি বলেন, নৌপথটি থেকে মাইন অপসারণের কাজ একমাত্র ইরানই করবে।
নিজ ঘাঁটিতে ফিরছে ফরাসি রণতরী ‘শার্ল দ্য গল’
হরমুজ প্রণালি থেকে ফ্রান্স তাদের শক্তিশালী বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গল’নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুই মাস আগে রণতরীটিকে মোতায়েন করা হয়েছিল।
স্থানীয় সময় গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাখোঁ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান যে রণতরীটি তুলোঁতে অবস্থিত নিজস্ব ঘাঁটিতে ফিরে যাবে। তবে সংশ্লিষ্ট এলাকায় মাইন প্রতিরোধকারী সরঞ্জাম এবং এর সুরক্ষায় নিয়োজিত জাহাজগুলো আগের মতোই মোতায়েন থাকবে এবং মিত্রদের সঙ্গে যে কোনো যৌথ কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত থাকবে। ইউরোপীয় দেশগুলোর নেতারা যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করতে নৌ সহায়তা প্রদানের অঙ্গীকার করেছেন।
এ ক্ষেত্রে ফ্রান্স ও যুক্তরাজ্য ৪০টিরও বেশি দেশের একটি বৃহৎ জোটের নেতৃত্ব দিচ্ছে। গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক সমঝোতা হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের যাতায়াত বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি সংকট লাঘবে ইতিবাচক ভূমিকা রাখছে।
মে মাসের মাঝামাঝি থেকে ফ্রান্স আরব উপদ্বীপের উপকূলে এই রণতরীটি মোতায়েন রেখেছিল। ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমান সালতানাত ও তাদের জলসীমা নিরাপদ রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
- বিষয় :
- ফ্রান্স
- ইরান
- হরমুজ প্রণালি
