ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পর্তুগিজ তারকা বললেন, আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দেই জিতেছে

পর্তুগিজ তারকা বললেন, আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দেই জিতেছে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৫:১০

আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে কেপ ভার্দে। তবে পর্তুগালের কেপ ভার্দীয় বংশোদ্ভূত ডিফেন্ডার নেলসন সেমেদো মনে করেন, ফলাফল যাই হোক না কেন, তার পূর্বপুরুষের দেশই এই বিশ্বকাপের প্রকৃত বিজয়ী।

স্পেনের বিপক্ষে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও কেপ ভার্দের প্রশংসা করতে ভুল করনেনি সেমেদো। তিনি বলেন, ‘আমি তাদের পুরো টুর্নামেন্টে অনুসরণ করেছি। আমার মতে, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, কেপ ভার্দেই জিতে গেছে। তারা অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেপ ভার্দে পর্তুগালের মতোই ছোট দেশ, কিন্তু তাদের গুণগত মান অসাধারণ। এই টুর্নামেন্টে তারা যে বিশ্বাস ও সাহস দেখিয়েছে, তা ছিল অবিশ্বাস্য। তারা যেভাবে আমাদের প্রতিনিধিত্ব করেছে, তাতে আমি খুবই আনন্দিত। তাদের অভিনন্দন জানাই এবং সবকিছুর জন্য ধন্যবাদ।’

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ের পর্তুগালের পরবর্তী প্রতিপক্ষ স্পেন। আগামী ৭ জুলাই স্পেনের বিপক্ষে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। সেমেদো মনে করেন, এই ম্যাচে স্পেনকে হারানোর সামর্থ্য আছে তাদের।

তিনি বলেন, ‘আমাদেরকে নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে, স্পেনকে যথেষ্ট সম্মান করতে হবে এবং মাঠে নেমে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাহলেই তাদের মতো শক্তিশালী দলকে হারানো সম্ভব। আমার বিশ্বাস, আমরা সেটা করতে পারব।’

স্পেনের আক্রমণভাবে অন্যতম শক্তি লামিন ইয়ামালকে নিয়ে পর্তুগালের বিশেষ পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে এই ডিফেন্ডার বলেন, ‘ইয়ামাল অসাধারণ ফুটবলার, তার সম্ভাবনাও বিশাল। কিন্তু আমরা যদি শুধু তাকে নিয়েই ভাবি, তাহলে সমস্যায় পড়ব। স্পেনের একাদশে এবং বেঞ্চে এমন অনেক খেলোয়াড় আছে, যারা যেকোনো সময় ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তাই আমাদের পুরো দলের বিপক্ষেই সতর্ক থাকতে হবে।’

এখন পর্যন্ত বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতেই বদলি হিসেবে মাঠে নেমেছেন সেমেদো। স্পেনের বিপক্ষে একাদশে সুযোগ পাবেন কি না এমন প্রশ্নে দলের সাফল্যকেই গুরুত্ব দিয়েছেন সেমেদো। তিনি বলেন, ‘আমি সবসময় পর্তুগালকে সাহায্য করার জন্য প্রস্তুত। সেটা ১০ মিনিট হোক, আধা ঘণ্টা হোক কিংবা পুরো ৯০ মিনিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা সবাই যেন নিজেদের সর্বোচ্চটা দিতে পারি, যাতে পর্তুগাল জিততে পারে এবং এই প্রতিযোগিতায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং সবাই খেলার জন্য প্রস্তুত।’

শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গনসালো রামোসের গোলের উদাহরণ টেনে তিনি বলেন, 'সে অল্প সময় ম্যাচ খেললেও নিজের সর্বোচ্চটা দিয়েছে এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমাদের মূল লক্ষ্য ব্যক্তিগত নয়, দলগত সাফল্য।’

আরও পড়ুন

×