ভারতের বিশ্বকাপ দলে অক্ষরের জায়গায় অশ্বিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৭
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আজই শেষ সময়। আর শেষ মুহূর্তেই বিশ্বকাপে খেলার সুযোগ মিলেছে রবিচন্দ্রন অশ্বিনের। বিশ্বকাপের স্কোয়াডে তাকে রেখে আজ দলে বদলি এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিশ্বকাপ দলে নেওয়া হল রবিচন্দ্রন অশ্বিনকে। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হাতে চোট পেয়েছিলেন অক্ষর। বিশ্বকাপের আগে অক্ষরের চোট সারবে না। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে দলে এলেন অশ্বিন।
এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটির জন্য তাকে দলে রেখেছিলেন ভারতের নির্বাচকেরা। শেষ পর্যন্ত চোটের কারণে বাদই পড়তে হল তাকে।
বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার সহকারী হিসাবে থাকছেন হার্দিক পান্ডিয়া। দলে ওপেনার হিসাবে থাকছেন শুভমন গিল এবং রোহিত। তিন নম্বরে থাকবেন বিরাট কোহলি। মিডল অর্ডার সামলাবেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব এবং ঈশান কিশান। প্রয়োজনে ওপেনও করতে পারেন ঈশান। অলরাউন্ডার হিসাবে হার্দিক ছাড়াও থাকছেন শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা। দুই স্পিনার অশ্বিন এবং কুলদীপ। পেস আক্রমণে থাকছেন মোহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ এবং মোহম্মদ সিরাজ।
৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। সেই ম্যাচ চেন্নাইয়ে। পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে ১৪ অক্টোবর। কলকাতায় ভারতের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচ হবে ৫ নভেম্বর। মোট ৯টি ম্যাচ খেলবে ভারত।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ এবং মোহম্মদ সিরাজ।
