মেয়েদের আলোয় আলোকিত ফুটবল
ছবি- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৪ | ০৯:৩৯ | আপডেট: ১২ মার্চ ২০২৪ | ১০:১১
আট বছর আগে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের গল্পটা শুরু হয়েছিল অনূর্ধ্ব–১৫ দলের হাত ধরে। সে ধারাবাহিকতায় এবার ষোলো না পেরোনো সুরভী-ইয়ারজানরা হিমালয়ের দেশে গড়েছেন নতুন রূপকথা। রোববার কাঠমান্ডুতে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ নারী সাফের ট্রফি জেতা দলটি যখন গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে, তখন অন্যরকম এক আবহের সৃষ্টি হয়। ফুলেল সংবর্ধনায় সিক্ত হওয়া মেয়েদের নিয়ে সে কী উন্মাদনা!
ভক্ত, সমর্থক ও সংবাদমাধ্যমের কর্মীদের উপচে পড়া ভিড় সামলে কয়েক মিনিটের জন্য নিজেদের অনুভূতি প্রকাশ করেন অধিনায়ক অর্পিতা। কিছু সময়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই পুরো দল চলে যায় বাফুফে ভবনে। যেখানে এক ছাদের নিচে থেকেই একের পর এক সাফল্য এনে দিচ্ছেন মেয়েরা। বয়সভিত্তিক এবং সিনিয়র দল মিলিয়ে গত আট বছরে সাফ চ্যাম্পিয়নশিপে আটবার শিরোপা জেতা মেয়েদের আলোতে আলোকিত দেশের ফুটবল। অথচ দুই দশকেরও বেশি সময় ধরে শোকেসে কোনো ট্রফি নেই ছেলেদের জাতীয় ফুটবল দলে।
একসঙ্গে এক ছাদের নিচে দীর্ঘদিন থাকা। বাফুফে ভবনের আবাসিক ক্যাম্প থেকে সকালটা শুরু একসঙ্গে। এর পর অনুশীলনের জন্য আর্টিফিসিয়াল টার্ফ কিংবা কমলাপুর স্টেডিয়ামেও তাদের পদচারণা একসঙ্গে। এভাবেই অঙ্কুরিত হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। নানা প্রচেষ্টা আর সঠিক পরিকল্পনায় আসতে থাকে সাফল্য; যার শুরুটা হয়েছিল ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ সাফ জেতার মধ্য দিয়ে। সেই টুর্নামেন্ট থেকে মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুনের মতো ফুটবলার উঠে এসেছেন; যারা কিনা এখন জাতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। তাদের দেখানো পথ ধরেই উঠে আসছেন একের পর এক ফুটবলার।
নেপালে বয়সভিত্তিক এই সাফের বেশির ভাগ ফুটবলারই ছিলেন আনকোরা। একমাত্র সুরভী ছাড়া আর কারোরই আন্তর্জাতিক ফুটবলে খেলার অভিজ্ঞতা খুব একটা নেই বললেই চলে। অথচ সেই দলটিই কিনা ভারতকে হারিয়ে জিতে নেয় ট্রফি। কিশোরী টুর্নামেন্টে এটা বাংলাদেশের দ্বিতীয় শিরোপা।
সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে বরাবরই ফেভারিট থাকে বাংলাদেশ। তবে কিশোরী সাফে প্রথম আর দ্বিতীয় ট্রফি জেতার মধ্যে ব্যবধান ছিল সাত বছর। এর মধ্যে মেয়েদের বয়সভিত্তিক সব সাফের ট্রফি ঘরে তুলেছিল লাল-সবুজের দলটি। এর সঙ্গে ২০২২ সালে সাবিনা খাতুনরা সিনিয়র সাফ জিতে করেছিলেন বৃত্তপূরণ। তার আগে ও পরে বয়সভিত্তিক সাফের সোনালি ট্রফি ছোঁয়ার স্বাদ পেয়েছেন মেয়েরা।
এ বছরই ঢাকায় অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা, ২০১৮ এবং ২০২১ সালে অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতা, ২০২৩ অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন লাল-সবুজের মেয়েরা। আর গত বছর অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল সাফের বাইরের দেশ রাশিয়া।
- বিষয় :
- সাফ অনূর্ধ্ব–১৬ চ্যাম্পিয়নশিপ