আমরা ল্যাবের ইঁদুর নই: রিউস
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৬:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
প্রায় দুই মাস বন্ধ বিশ্বের সকল ধরণের ক্রীড়া আয়োজন। ইউরোপে ফুটবল গড়াচ্ছে না সেই মধ্য মার্চ থেকে। তবে জার্মানি প্রথম ফুটবলের তালা খুলছে। দেশটিতে করোনা আক্রান্তের হার এবং মৃত্যু ছিল ইউরোপের অন্য দেশের তুলনায় কম। সেজন্য মাঠে খেলা ফেরানো সম্ভব হচ্ছে।
তবে ফুটবলাররা পরিস্থিতি পরীক্ষা করে দেখার জন্তু নয় বলে উল্লেখ করেছেন জার্মান জাতীয় দলের ফরোয়ার্ড এবং জার্মানির অন্যতম সেরা দল বরুসিয়া ডর্টমুন্ডের অধিনায়ক মার্কোস রিউস।
তিনি বলেন, ‘আমরা ফুটবলাররা ল্যাবের ইঁদুর নই যে আমাদের দিয়ে পরীক্ষা করে দেখা হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমাদের তাই অবশ্যই সর্বোচ্চ সতর্কতার অবলম্বন করতে হবে। এই ভাইরাস মানুষের জীবনের গতি থামিয়ে দিয়েছে। বিশ্ব এখনও এই ভাইরাসের সঙ্গে লড়াই করছে। আমাদের তাই নির্দেশনা মেনে খেলতে হবে। কোনভাবেই গা-ছাড়া ভাব দেখানোর সুযোগ নেই।’
জার্মানিতে করোনাভাইরাসে প্রায় ৮ হাজার লোক মারা গেছেন। করোনা শনাক্ত রোগী পাওয়া গেছে ১ লাখ ৭৫ হাজারের মতো। তাদের পরিস্থিতিও তাই ভালো বলার উপায় নেই। এছাড়া তারা শঙ্কা মুক্ত বলারও সুযোগ নেই।
তবে লিগ ফেরায় খুশি রিউস। ফাঁকা স্টেডিয়ামে খেলা হওয়াটা খুব ভালোভাবেই মেনে নিয়েছেন তিনি। তার মতে, ফুটবল শুরু করার এই একটা পথই খোলা ছিল। লিগ নিয়ে তিনি বলেন, ‘আমরা বায়ার্ন মিউনিখের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছি। তাদের সঙ্গে আমাদের একটা ম্যাচও বাকি আছে। এ মৌসুমে লিগটা আমি জিততে চাই এবং আমাদের সামনে সে সুযোগ এখনও আছে।’
শালকের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ দিয়ে শনিবার সন্ধ্যায় পুনরায় বুন্দেসলিগা শুরু হচ্ছে। এই ম্যাচে রিউসের প্রত্যাশা জয় দিয়ে শুরু করা। তারা জয় দিয়ে ম্যাচটা শেষ করতে পারলে বায়ার্নের ওপর চাপ বাড়াতে পারবে বলে মনে করেন। বুন্দেসলিগায় করোনা পরবর্তী লিগ শুরুর ম্যাচে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।