ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

তামিমকে ২০০৭ বিশ্বকাপে যে অভয় দিয়েছিলেন নির্বাচক

তামিমকে ২০০৭ বিশ্বকাপে যে অভয় দিয়েছিলেন নির্বাচক
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৬:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটে আসছেন এই বার্তা তার বড় ভাই নাফিস ইকবাল দিয়েছিলেন। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৮ বছরের সেই তামিমকে প্রথম চেনা টাইগার ভক্তদের। এরপর ১৩ বছর টানা খেলে যাচ্ছেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ এবং টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

কিন্তু তামিমের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ২০০৭ বিশ্বকাপ। সে সময় বাংলাদেশ দলের ওপেনিং অনেকটাই সেট ছিল। উইকেট ধরে রাখতে জাভেদ ওমরের জুড়ি ছিল না। ওপেনিংয়ে ভালো করছেন শাহরিয়ার নাফিসও।

তারপরও ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে খেলা বাংলাদেশের সব ম্যাচে ওপেন করেন তামিম। ছোট সেই তামিমকে বিশ্বকাপে সব ম্যাচ খেলার অভয় দিয়েছিলেন তখনকার বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

ক্রিকইনফোর ভিডিওকাস্টে ক্রিকেট ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকারের সঙ্গে আলাপে তামিম তুলে ধরেই তার শুরুর সেই গল্প, ‘বিশ্বকাপের আগে আমরা ওয়েস্ট ইন্ডিজে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিলাম। কিন্তু দুই ম্যাচে আমি রান করতে পারিনি। তখনকার বোর্ডের প্রধান নির্বাচক আমাকে জড়িয়ে ধরেন বলেন, তুমি রান করো বা না করো বিশ্বকাপের প্রতিটা ম্যাচই খেলছো। বিশ্বকাপে রান না করলেও তুমি পুরো বিশ্বকাপে ওপেন করছো।’

তামিম জানান, তার মতো ১৭ বছরের তরুণকে ওই কথা সাহস দিয়েছিল। যে কারণে তিনি ভারতের বিপক্ষে ওমন সাহসী ক্রিকেট খেলতে পেরেছিলেন। এছাড়া ওই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুশ বাশারও দলে তামিমকে নেওয়ার কারণ হিসেবে তার ঝড়ো শুরু এনে দেওয়ার সামর্থ্যের কথা বলেন।

তামিমকে ২০০৭ বিশ্বকাপে যেমন নির্বাচক-অধিনায়ক অভয় দিয়েছিলেন তেমনি চলতি বছর ওয়ানডে নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে তিনি অভয় পেয়েছেন কোচের। সেই কথা উল্লেখ করে তামিম জানান, আমি ঘরোয়া ক্রিকেটেও তেমন নেতৃত্ব দেইনি। সেজন্য অধিনায়কত্ব নিয়ে সংশয়ে ছিলাম। কিন্তু একজন কোচ বললেন, নেতৃত্ব না নিয়ে পরে আফসোস করার চেয়ে, দায়িত্ব নিয়ে শতভাগ চেষ্টা করাই ভালো। তার ওই কথাই সাহস দেয় দেশসেরা ওপেনারকে।

আরও পড়ুন

×