বাংলাদেশের বিপক্ষে শতকের পর যা বললেন অশ্বিন
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:০৫
ঘরের মাঠে আরও একবার শতরান করলেন রবিচন্দ্রন অশ্বিন। এই শতরান ভারতকে ম্যাচে ফিরিয়ে আনল। সাধারণত অশ্বিনকে টেস্টে দ্রুত রান করতে দেখা যায় না। কিন্তু আজ অশ্বিন রান তুললেন টি-টোয়েন্টি স্টাইলে ৯১.০৭ স্ট্রাইক রেটে। দিনশেষে ১০ চার এবং দুটি ছক্কা মেরে ১১২ বলে ১০২ রান করে অপরাজিত অশ্বিন। তার সঙ্গী জাদেজা অপরাজিত আছেন ৮৬ রান নিয়ে। এতে দিনশেষে ৬ উইকেটে ভারতের সংগ্রহ বেড়ে হয়েছে ৩৩৯ রান।
এমন ইনিংস খেলার রহস্য ফাঁস করলেন তিনি নিজেই। সম্প্রচার চ্যানেলকে অশ্বিন বলেন, ‘নিজের হোম গ্রাউন্ডে খেলতে সবসময়ই বিশেষ। এটি এমন একটি মাঠ যা আমি সম্পূর্ণভাবে ভালোবাসি। গতবার যখন আমি এখানে সেঞ্চুরি করেছিলাম, তখন আপনি (রবি শাস্ত্রী) ছিলেন দলের কোচ। এটি বিশেষ অনুভূতি দেয়।’
অশ্বিন আরও জানান, সম্প্রতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা তার ব্যাটিংয়ে অনেক সহায়তা করেছে। ‘আমি ব্যাটিং এবং শট খেলা নিয়ে বেশ কাজ করেছি। এমন পিচে ঋষভ পন্তের মতো আক্রমণাত্মক ব্যাটিং করাই ভালো। চেন্নাইয়ের পুরোনো দিনের পিচ, যেখানে বাউন্স ও ক্যারি রয়েছে। যেখানে প্রশস্ত বল পাওয়া যায়, সেখানে আক্রমণ করা যায়। আমি বাউন্স ও ক্যারি থাকা পিচে খেলতে ভালোবাসি এবং আজ আমি খুব উপভোগ করেছি’।
তিনি আরও উল্লেখ করেন, সতীর্থ রবীন্দ্র জাদেজার সহায়তার কারণে তার সেঞ্চুরি সহজ হয়েছে। জাদেজা সত্যিই অনেক সাহায্য করেছে। এমন এক সময় ছিল যখন আমি ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু জাদেজা আমাকে সেই সময়টি পার হতে সাহায্য করেছে। সে আমাদের সেরা ব্যাটারদের একজন। সে আমাকে বলেছিল, ‘দুই রানকে তিনে পরিণত করার দরকার নেই,’ যা আমার জন্য বেশ কাজে লেগেছে।’
তবে অশ্বিনের একটি কথায় ভয় পেতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অশ্বিনের মনে হচ্ছে, আগামীকাল দিনের শুরুতেও পেসারদের সাহায্য করবে উইকেট। ম্যাচের শেষের দিকে অবশ্য স্পিনাররাই রাজত্ব করবে বলে মনে করেন ভারতের অফ স্পিন বোলিং অলরাউন্ডার। বাংলাদেশের ভয়টা এখানেই। শান্তদের ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে।
অশ্বিন দিনের খেলা শেষে রবি শাস্ত্রীকে বলেছেন, ‘বেশি স্পিন করলে বাউন্সও হবে। স্পিনাররা শেষের দিকে সুবিধা পাবে। নতুন বলে আগামীকাল সকালেও (পেসাররা) সুবিধা পাবে। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে।’
আজ সেঞ্চুরি করে এক বিশেষ রেকর্ডও গড়ে ফেলেছেন অশ্বিন। তিনি এখন চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে একাধিক সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়া পাঁচজন খেলোয়াড়ের একজন।
- বিষয় :
- রবিচন্দ্রন অশ্বিন
- বাংলাদেশ-ভারত
